২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে গণঅভ্যুত্থান: মোশাররফ

নির্দলীয় সরকার পুনর্বহালে প্রয়োজনে ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর হুমকি দিয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 11:19 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

সোমবার দুপুরে এক আলোচনা সভায় দলের এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “চার সিটি কর্পোরেশন নির্বাচনের ফলে ভীত হয়ে সরকার এখন জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করবে। তারা বলতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে, আগামী নির্বাচনও দলীয় সরকরের অধীনে সুষ্ঠু হবে। তাদের এই বক্তব্য আমাদের কাছে গ্রহনযোগ্য নয়।”

নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করার দাবি জানিয়ে তিনি বলেন, “নইলে জনগণকে নিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।”

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল : রাজনৈতিক সংকট নিরসনে একমাত্র পথ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

নির্দলীয় সরকারের দাবির যৌক্তিকতা তুলে ধরে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “১৯৯৬ সালে সরকার ও বিরোধী দলের মধ্যে অবিশ্বাস ও অনাস্থার সৃষ্টি হয়েছিল, আজো সেই দূরত্ব কমেনি, বরং বেড়ে গেছে। আমরা মনে করি, নির্দলীয় সরকার ছাড়া জাতীয় নির্বাচন কোনোভাবে নিরপেক্ষ ও সুষ্ঠু হতে পারে না।”

সিলেট সিটি নির্বাচনে ১৮ দলীয় জোট প্রার্থীর নির্বাচনে দলের প্রধান সমন্বয়ক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মোশাররফ বলেন, “সরকার সমর্থিত প্রার্থীরা চারটি সিটি নির্বাচনে প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের চেষ্টার ত্রুটি করেনি। সরকার তরফ থেকে কি কি নির্দেশ এসেছিলো, আমি নিজে একটি সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে দায়িত্বে থেকে তা দেখেছি।”

জাতীয় সংসদে ‘অশ্রাব ও কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রদানের কঠোর সমালোচনা করে সাবেক সাংসদ খন্দকার মোশাররফ বলেন, “সরকারি দলের সদস্যরা অশ্রাব্য বক্তব্য দিয়ে কুরুচিপূর্ণ, অশ্রাব্য, গালিগালাজ করে সংসদকে অকার্যকর করে ফেলেছে। এই অশ্রাব্য বক্তব্য দিতে প্রধানমন্ত্রীই তাদের উস্কে দিয়েছেন। এজন্যই বিরোধী দল দীর্ঘ দিন সংসদে অনুপস্থিত ছিল।”

আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।