ভয়াবহ দুঃশাসন: খালেদা
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দেশে ভয়াবহ দুঃশাসন চলছে।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসের বাণীতে সরকারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মঙ্গলবার একথা বলেন তিনি।
২৬ জুন বুধবার আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস পালিত হবে বিশ্বজুড়ে।
খালেদা জিয়া বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকে বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। সাংবাদিক হত্যা এবং অসংখ্য সাংবাদিককে নিষ্ঠুরভাবে নির্যাতন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
“এই বছরের শুরুর দিকে সরকার চরম দমনমূলক নীতি অবলম্বন করে ব্যাপক গণহত্যা চালিয়েছে। বাংলাদেশে এখন ভয়াবহ দূঃশাসন চলছে।”
সংবাদপত্র ও টেলিভিশন বন্ধের মাধ্যমে সরকার মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।
নয়া পল্টনে বুধবার বিএনপির প্রধান কার্যালয়ে খালেদা জিয়া।
“জনগণ আদালতের কাছেও কোনো ন্যায়বিচার পাচ্ছে না। সরকার স্বীয় স্বার্থে আদালতকে ব্যবহার করছে। এদেশে এখন বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে।”
বাণীতে বিশ্বে নির্যাতিত সব মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।
“সারাবিশ্ব আজ যান্ত্রিক সভ্যতায় এগিয়ে গেলেও মানবিক সভ্যতা বেশি দূর এগোতে পারেনি। এই সংঘাত ও বিরোধের কারণেই সাধারণ মানুষেরা দেশে দেশে নিষ্ঠুর স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে নিহত ও পঙ্গুত্ব বরণ করছে।”
এই অবস্থা থেকে উত্তরণে মানবিকবোধে উদ্বুদ্ধ বিশ্বের সব গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস প্রত্যাশা করেছেন খালেদা জিয়া।
