২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাহাঙ্গীর জবরদস্তির শিকার, প্রমাণ চোখের জলে’

গাজীপুরে মেয়র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমকে ‘জোর’ করে নির্বাচন থেকে ‘সরানো’ হয়েছে বলে আবার দাবি করেছেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

তিনি মঙ্গলবার বলেছেন, “জাহাঙ্গীর আলমকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে তথাকথিত প্রত্যাহারের নাটক করা হয়েছে, সেটা দেশবাসী দেখেছে।

“তিনি এখনো প্রার্থী। এ অবস্থায় তাকে জোর জবরদস্তি করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তা প্রকাশ পেয়েছে, যখন তিনি মিডিয়ার সামনে তার চোখের পানি ফেলে বক্তব্য দিচ্ছিলেন।”

সকালে গাজীপুর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে একথা সাংবাদিকদের বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।

গাজীপুরে আওয়ামী লীগ আজমত উল্লা খানকে মেয়র পদে সমর্থন দিলেও প্রার্থী হন জাহাঙ্গীর। পরে তিনি আজমতকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে ঘোষণার আগে কয়েকদিন তার অপ্রকাশ্যে থাকা বেশ আলোচনার জন্ম দেয়।

চার সিটি কর্পোরেশনে বিরোধী দল সমর্থিতদের জয়ের পর গাজীপুরেও জয়ের আশা করছেন মান্নানের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী হান্নান শাহ। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ও প্রকাশ করেন তিনি। 

হান্নান শাহ বলেন, “নির্বাচন সুষ্ঠু হলে বিজয় আমাদের সুনিশ্চিত। কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ছাত্রলীগ-যুবলীগের তথাকথিত সাবেক ও বর্তমান নেতারা উঠে পড়ে লেগেছে, কী করে ভোটে জেতা যায়।”

পুরনো খবর:

‘জাহাঙ্গীর কষ্টে, রেস্টে’