২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নির্বাচন দেবে না: অলি

দশম জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সভাপতি অলি আহমেদ বলেছেন, তার অভিজ্ঞতা এমন ইঙ্গিতই দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “কবে, কীভাবে নির্বাচন হবে আমি জানি না। আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলে, এই সরকার নির্বাচন দেবে না।”

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর লিবারেল ডেমোক্রেটি পার্টির প্রতিনিধি সভা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধি সভায় এম এম খালেদ সাইফুল্লাহকে আহ্বায়ক ও প্রকৌশলী ইকবাল হোসেন তালুকদারকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

অলি আহমেদ তার বক্তৃতায় দেশের বিরাজমান সংকটের জন্য সরকারকে দায়ী করে বলেন, “এই সংকট থেকে উত্তরণে রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই। কিন্তু সরকার গণতন্ত্র বিশ্বাস করে না। তারা একদলীয় প্রশাসন সৃষ্টি করেছে। নির্দলীয় সরকার ব্যবস্থাকে সংবিধান থেকে বাতিল করে সুষ্ঠু নির্বাচনকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছে।”

Image
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংবাদ সম্মেলনে সভাপতি অলি আহমদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ২৮, ২০১১

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংবাদ সম্মেলনে সভাপতি অলি আহমদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ২৮, ২০১১

‘দুর্নীতি-অপশাসন-দলীয়করণের’ কারণেই বর্তমান সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী অলি। তিনি বলেন, “চার সিটি কর্পোরেশনে জনগণের রায় সরকারের জন্য অশনি সংকেত। এই রায় প্রমাণ করে, দেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না।” দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, সাড়ে চার বছরে একজন দুর্নীতিবাজের বিচার করতে পারেনি এই প্রতিষ্ঠানটি। সদ্য বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান দুদককে দন্তহীন বাঘ বলেছেন। তিনি যদি আগে পদত্যাগ করে এটি বলতেন, তা হলে তা গ্রহণযোগ্য হতো।”

প্রশাসন বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারাদেশে উন্নয়ন গতিশীল করা সম্ভব বলেও অভিমত দেন তিনি।

দলের মহানগর শাখার সভাপতি এম এম খালেদ সাইফুল্লাহ‘র সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে এলডিপি‘র মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমূখ বক্তব্য রাখেন।