জেলের ভয় দেখাবেন না: রফিকুল
তত্ত্বাবধায়ক সরকার এলে নয়, বরং দুর্নীতির কারণে শেখ হাসিনাকে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া।
জেলের ভয় দেখিয়ে নির্দলীয় সরকারের দাবি পাশ না কাটানোরও পরামর্শ দেন তিনি।
রোববার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “প্রধানমন্ত্রী গতকালও বলেছেন- আবার তত্ত্বাবধায়ক সরকার আসলে দুইনেত্রী জেলে যাবেন। গত সাড়ে চার বছরে পুঁজিবাজার, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, হলমার্ক, ডেসটিনি, পদ্মাসেতু প্রকল্পসহ বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও অপকর্মের ঘটনা ঘটেছে, এর জন্য তিনি (প্রধানমন্ত্রী) নিশ্চয়ই জেলে যাবেন।’’
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মিলিত ছাত্র ফোরামের উদ্যোগে কারাবন্দি সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু’র মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিন্টু’র নেতৃত্বে লালবাগ-কামরাঙ্গীরচর এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের একটি ওয়েবসাইট উদ্বোধন হয়।
Govt in critical state: Rafiq
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি ও তাদের শরিকরা।
বিরাজমান সংকট নিরসনে সংলাপ সর্ম্পকে রফিকুল বলেন, “আওয়ামী লীগের হানিফ সাহেব বলেছেন, নির্দলীয় সরকারের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। আমাদের বক্তব্য স্পষ্ট, নির্দলীয় সরকারের দাবির পক্ষে ইতিমধ্যে চার সিটি কর্পোরেশন ও একটি পৌর সভার নির্বাচনে জনগন ম্যান্ডেট দিয়ে দিয়েছে।”
গত ১৫ জুন সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনায় সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থীরা পরাজিত হয়েছে। এছাড়া সদ্যগঠিত কালীগঞ্জ পৌরসভায়ও বিএনপির প্রার্থী জয় পেয়েছে।
আগামী ৬ জুলাই গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থীর বিজয়ের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবির প্রতি জনগণ পূর্ণ সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেন রফিকুল।
রোববার সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব দিয়ে আবার তা প্রত্যাহারের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা আলোচনা চায় না। তাই তারা আর আলোচনার প্রস্তাব দেবেন না।
সম্মিলিত ছাত্র ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, মহানগর ছাত্র দলের সভাপতি ইসহাক সরকার, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর পিন্টু’র স্ত্রী নাসিমা আক্তার কল্পনা প্রমুখ বক্তব্য রাখেন।
