২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তীকালীন সরকার’

তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ মেনন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 11:51 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার খুলনার ফুলতলা মহিলা কলেজে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি নির্বাচন কমিশনকে শক্তিশালী করার উপর জোর দেন।

এ নির্বাচনে ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদী অপশক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দলীয় জোট সমর্থক প্রার্থীদের পরাজয়ের পিছনে মুক্তিযুদ্ধবিরোধী পক্ষের ঐক্য, ধর্মীয় রাজনীতির অব্যবহার, ধমীয় সংখ্যালঘুদের উপর হুমকি ও নির্যাতন মূল কারণ বলে উল্লেখ করেন এই সাংসদ।

মেনন বলেন, আওয়ামী লীগের সঙ্গে তারা ঐক্যবদ্ধ নির্বাচন ও সরকার গঠন করেন। কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো সন্ত্রাস, হত্যা, লুটপাট, চাঁদাবাজির মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

জোট শরীকদের অবমূল্যায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, মৌলবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সঙ্গে আপোষ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলেও তিনি মনে করেন।

তার মূল্যায়ন, যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে সরকার সময়ক্ষেপণ এবং এ বিচারের ব্যাপারে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে ব্যর্থ হওয়ায় যুদ্ধাপরাধীরা এটিকে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলতে সক্ষম হয়েছে।

জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন শেখ সহিদুর রহমান, আনসার আলী মোল্লা, মোজাম্মেল হক প্রমুখ।