২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাংবিধানিক হলে শপথ অনুষ্ঠানে ছিলেন কেন: ফখরুলের প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক বলে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফখরুদ্দীন আহমদের শপথ অনুষ্ঠানে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিএনপির দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কথা তুলে আনেন।

ফখরুল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, “প্রধানমন্ত্রী আজ এক অনুষ্ঠানে বলেছেন, তত্ত্বাবধায়কের নামে আবার কোনো অসাংবিধানিক সরকার এলে তারা আর যাবে না।

“প্রধানমন্ত্রীকে বলবো, ওই অসাংবিধানিক সরকারের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে গিয়ে সেদিন আপনিই বলেছিলেন, ‘এই সরকার আমাদের আন্দোলনের ফসল’। প্যারোলে মুক্তি পেয়ে বিদেশ যাওয়ার সময় আপনিই বলেছিলেন, ক্ষমতায় গেলে ওই সরকারের সব কাজের বৈধতা দেবেন।”

রাজনৈতিক অস্থিরতার মধ্যে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গঠিত ফখরুদ্দীন আহমদ সরকারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা থাকলেও বিএনপির কেউ ছিলেন না।

সেনা নিয়ন্ত্রিত ওই সরকার পরবর্তী ‍দুই বছর দেশের ক্ষমতায় ছিলো, ওই সময় শেখ হাসিনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও বন্দি করা হয়েছিলো।

এরপর নির্বাচনে ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধান থেকে বাদ দেয়ায় এখন নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচন হবে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে আগের মতো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহালের দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি।    

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বৃহস্পতিবার দলের এক অনুষ্ঠানে বলেন, “এবার তত্ত্বাবধায়ক এলে আর যাবে না। তখন তারা (বিএনপি) কী করবে? তখন তো কপাল চাপড়াইয়া কাঁদবে।”

আলোচনা সভায় ফখরুল বিএনপির দাবি মেনে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো অজুহাতে এই দাবি পাশ কাটানো যাবে না।

“এই সরকারের আমলে ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনে কী ঘটেছিলো, তা আমরা দেখেছি। স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচন হিসেবে বিবেচনা করলে চলবে না। জাতীয় নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই।”

Image
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সময় নষ্ট করবেন না। খেলার জন্য সমান মাঠ তৈরি করুন। যাতে সবাই সমানভাবে খেলতে পারে।”

দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, “চতুর্দিকে আজ অন্ধকার। এতই অন্ধকার যে সুরঙ্গের ভেতরে কোনো আলো দেখা যাচ্ছে না। মানুষ আজ ভীত-সন্ত্রস্ত।”

জিয়াউর রহমানকে নিয়ে ক্ষমতাসীনরা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।

হেফাজতে ইসলামকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সংসদে প্রধামন্ত্রী অসত্য বক্তব্য রাখছেন। গত ৫ মে‘র শাপলা চত্বরের ঘটনা নিয়ে তিনি উপহাস করেছেন। এরকম হিংস্র-নৃশংস ঘটনার জন্য দুঃখ প্রকাশ তো দূরে থাক, আজ উপহাস করা হচ্ছে।”

প্রেসক্লাবের এই আলোচনা সভায় ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন বিচারপতি এম এ রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক এরশাদ মজুমদার, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন,  অর্থ বিষয়ক সম্পাদকেআব্দুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

পুরনো খবর:

‘এবার তারা কেয়ামত পর্যন্ত থাকতে চাইবে’