২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় সরকারের দাবি থেকে হটবো না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনের ফল দেখিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি থেকে তাদের সরানো যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী পরিষদের এক সমাবেশে বক্তব্যে তিনি একথা বলেন।

গত শনিবার অনুষ্ঠিত চার সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার সমর্থকদের শোচনীয় হার হয়, যাকে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের প্রমাণ হিসেবে সরকারি দলের নেতারা তুলে ধরছেন।

জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি জানিয়ে আসা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সিটি নির্বাচনের ফলাফলের কথা বলে সরকার জাতীয় নির্বাচন নিজেদের অধীনেই করতে চায়। তারা জনগণকে এতই বোকা ভাবে!”

“তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে- একথা বলে বিরোধী দলকে তারা নির্বাচনে আনতে চায়। এটা সরকারের অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়,” নিজেদের অবস্থান প্রকাশ করেন তিনি।

বিএনপির মুখপাত্র বলেন, “নির্দলীয় সরকার ছাড়া বিরোধী দল কোনো নির্বাচনে যাবে না। আমাদের দাবি না মানলে আন্দোলনের মাধ্যমে এর ফয়সালা হবে।”

তিনি দাবি করেন, গত ১৫ জুন অনুষ্ঠিত চার সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দল সমর্থিতদের জয়ের মধ্য দিয়ে সরকারের প্রতি জনগণের অনাস্থার প্রকাশ ঘটেছে। একইসঙ্গে নির্দলীয় সরকারের পক্ষেও জনগণ রায় দিয়েছে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর এখন নির্বাচিত সরকার হিসেবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। কিন্তু বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না।

আগের মতো তত্ত্বাবধায়ক সরকার এলে নির্বাচন না-ও দিতে পারে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী আসল কথা বলে ফেললেন। ক্ষমতাকে নিরঙ্কুশ ও চিরস্থায়ী করতে তারা এই আসল কথা বলেছে।

“কারণ পঞ্চদশ সংশোধনীতে বলা আছে, নির্বাচন ছাড়াও সরকার চাইলে আরো সময় ক্ষমতায় থাকতে পারবে। আমরা মনে করি, এটি দেশদ্রোহের সামিল।”

Image
আন্দোলন করে দাবি মানানো হবে: ফখরুল

আন্দোলন করে দাবি মানানো হবে: ফখরুল

‘গণমাধ্যমের স্বাধীনতা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি’ শীর্ষক সমাবেশে বক্তব্য রাখেন ফখরুল।

গণমাধ্যমের ওপর সরকারের নিপীড়ন চলছে অভিযোগ করে তিনি বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস ও বিচিত্রা বন্ধ করে দিয়েছিলো। এবার তারা চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, আমার দেশ ‘বন্ধ’ করে দিয়েছে।

“সরকার গণমাধ্যমকে ভয় পায়, তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেজন্য টেলিভিশনে টক শো কিংবা পত্র-পত্রিকায় কেউ সমালোচনা করে বক্তব্য দিলে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বিরূপ মন্তব্য করেন।”

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ‘সত্যভাষী, নিষ্ঠাবান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রতীক’ অভিহিত করেন বিএনপি নেতা।

চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপিকা জিন্নাতুন নেসা তাহমিনা খাতুন, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, এ্যাব নেতা আ ন হ আখতার হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ,  শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ।

পুরনো খবর:

‘তারা এবার এলে আর নামবে না’