চাষাঢ়া আ’লীগ অফিসে বোমা হামলার আসামিদের বিরুদ্ধে পরোয়ানা
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় মামলায় সিআইডির দেয়া অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কে এম মহিউদ্দিন আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশেল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার এহসানউদ্দিন চৌধুরী হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় অভিযোগপত্র দেন।
মামলায় অভিযুক্তরা হলেন- ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিডের ছোট ভাই স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাৎ উল্লাহ জুয়েল, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, উত্তর চাষাঢ়া এলাকার মো. ওবায়দুল হক, বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাশেম শকু, ভারতে আটক হরকাতুল জিহাদের নেতা দুই ভাই আনিসুল মোরছালীন ও মাহবুব মুত্তাকিন।
এ মামলায় অভিযুক্ত হলেও ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিড ও কাজলকে বাদ দেয়া হয়েছে।
এছাড়া মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৩১ জনকে।
এছাড়া বিস্ফোরক মামলাটি বিচারিক আদালত জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ৩ জুলাই শুনানির দিন রেখেছে আদালত।
সিআইডি নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার এহসানউদ্দিন চৌধুরী জানান, অভিযুক্তদের মধ্যে দুইজন জামিনে এবং অপর দুই জন ভারতের তিহার জেলে আটক রয়েছে।
২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ বোমা হামলায় ২০ জন নিহত হয়। আহত হয় তৎকালীন সাংসদ ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ শতাধিক।
এই ঘটনায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে তৈমুরসহ ২৭ জনকে জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।
