জোটের মহাসচিবদের বৈঠকে ডেকেছে বিএনপি
চার সিটি কর্পোরেশনে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনায় ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক ডেকেছে বিএনপি।
সোমবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হবে।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকটি বসবে সোমবার বেলা সাড়ে ১১টায়। চার সিটি কর্পোরেশ নির্বাচন পরবর্তী পরিস্থিতিসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে।”
বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় নির্বাচনের মাত্র ছয় মাস বাকি থাকতে শনিবার চার সিটি কর্পোরেশনের ভোটে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী সিলেটে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, বরিশালে আহসান হাবিব কামাল, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল ও খুলনায় মনিরুজ্জামান মনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
চার শহরেই গত মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করা চার আওয়ামী লীগ নেতা পরাজিত হয়েছেন ১৭ থেকে ৬০ হাজার ভোটের ব্যবধানে।
