জনগণ সরকারকে ‘না’ জানিয়েছে: ফখরুল
সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ সরকারের প্রতি অনাস্থার প্রকাশ ঘটিয়েছে বলে দাবি করেছে বিএনপি।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনের পরদিন রোববার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি করেন।
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যে নির্দলীয় সরকার পুনর্বহাল প্রয়োজন, বিএনপির সেই দাবির প্রতি জনগণের সমর্থনের প্রকাশ এই নির্বাচনের মধ্যে দিয়ে ঘটেছে।
রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত চারজন বিপুল ভোটে জয়ী হন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল চার মহানগরীর ভোটারদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “বৈরী-প্রতিকূল অবস্থার মধ্যেও বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে।
অনেক রকম হুমকি, সন্ত্রাসী কার্যক্রম বিধি লঙ্ঘনের মধ্যেও জনগণ তাদের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে।
“আমরা মনে করি, গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে এই নির্বাচনের পরই সরকারের পদত্যাগ করা উচিৎ ছিলো।”
এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের পরাজয়ের পর সরকারি দলের নেতারা বলে আসছেন, এর মধ্য দিয়ে প্রমাণ হলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার প্রতিবাদের পাশাপাশি এই নির্বাচনের ‘রায়ে’ জনগণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে দাবি জানিয়ে আসছে বিএনপি, তাতে সমর্থন মিলেছে।
ফখরুল বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যে রায় দিয়েছে, তা সরকার উপলব্ধি করতে সক্ষম হবে বলে আমরা মনে করি। আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে তত্ত্বাবধায়ক সরকারের যে বিকল্প নেই, এটা এই নির্বাচনের বাণী।”
নির্বাচনের রায় ক্ষমতাসীনদের মেনে নেয়া গণতন্ত্রের জন্য সুবার্তা বলে মনে করেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “মেনে নেয়া ছাড়া ক্ষমতাসীনদের আর কোনো উপায় ছিলো না।”
বিএনপির অংশগ্রহণ এই নির্বাচন সুষ্ঠু করতে ভূমিকা রেখেছে বলে দাবি করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি জানান, চার সিটি কর্পোরেশনে মেয়রের সঙ্গে অধিকাংশ কাউন্সিলর পদেও বিরোধী দল সমর্থিতরা জয়ী হয়েছে।
বিরোধী দল সমর্থিত রাজশাহীতে ২৩, বরিশালে ২৪, খুলনায় ২৯ ও সিলেটে ১৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
‘আওয়ামী লীগের দাবি ধোপে টিকে না
সিটি নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নজির বলে আওয়ামী লীগ নেতারা যে দাবি করেছেন, তা প্রত্যাখ্যান করেন ফখরুল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
“স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। জাতীয় নির্বাচনে সরকার গঠন হয়। তাই নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই,” বলেন বিএনপির মুখপাত্র।
ইসি গঠন নিয়ে প্রশ্ন
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন ফখরুল, যদিও এই কমিশন গঠনের সময় তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিরোধী দলের সঙ্গেও আলোচনা করেছিলেন।
বিএনপির মুখপাত্র বলেন, “আমরা প্রথমে থেকেই বলে আসছি, বর্তমান নির্বাচন কমিশনের প্রক্রিয়া সংবিধানসম্মত হয়নি। এই কমিশন গঠনে আমাদের কোনো মতামত নেয়া হয়নি। সরকারের মনোনয়নে এই কমিশন গঠন হয়েছে।
“ সেজন্যই বর্তমান সরকারের অধীনে কাজ করার ক্ষেত্রে দুর্বলতা এই নির্বাচন কমিশনের রয়েছে। আমরা চার সিটি কর্পোরেশনের সেনা মোতায়েনের দাবি করেছিলাম। কিন্তু কমিশন তা মেনে নেয়নি।”
নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় কমিশনের মূল্যায়ন জানতে চাইলে ফখরুল বলেন, “বর্তমান কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে “
সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের শিরিন সুলতানা, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাংগঠনিক আ ক ম মোজাম্মেল প্রমুখ।
