যুবলীগ নেতার বিরুদ্ধে মৎস কর্মকর্তাকে মারধরের অভিযোগ
নিয়ম বহির্ভূতভাবে মৎস্যজীবী প্রত্যায়নপত্র না দেওয়ায় নাটোরের সিংড়া উপজেলা মৎস কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম মৎস কর্মকর্তাকে তার কার্যালয়ে গিয়ে মারধর করেন বলে পুলিশ জানায়।
ঘটনার প্রতিবাদে পরিষদের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম (৩৫) কয়েকজন রাজনৈতিক কর্মীকে নিয়ে জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তার অফিসে যান। সেখানে গিয়ে তার পরিচিত একজনকে মৎস্যজীবী প্রত্যয়নপত্র দেওয়ার দাবি করেন। মৎস্যজীবী না হওয়ায় ওই কর্মকর্তা তাকে প্রত্যয়নপত্র দিতে অসম্মতি জানান।
এ সময় অন্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে আসলে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ আসলে কর্মীদের নিয়ে অফিস ছেড়ে চলে যান ওই যুবলীগ নেতা।
এ ঘটনার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন।
এ ব্যাপারে উপজেলা জৈষ্ঠ মৎস কর্মকর্তা অদ্বৈত চন্দ্র দাস বাদী হয়ে সিংড়া থানায় যুবলীগ নেতা শরিফুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মো. স্বপন ও ইয়ারত আলীসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সিংড়া থানার ওসি গোলাম হায়দার ফায়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং উপজেলা পরিষদে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।
সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা আইনানুগ পদক্ষেপ নিয়েছি।
অভিযুক্ত যুবলীগ নেতা শরিফুল ইসলাম বলেন, আমি মৎস্য অফিসে উপস্থিত ছিলাম। মৎস্য কর্মকর্তা প্রত্যয়নপত্র দেওয়ার জন্য টাকা দাবি করেছিলেন। তাই তাকে গালিগালাজ করেছি মাত্র।
তবে উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা অদ্বৈত চন্দ্র দাস টাকা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, আবেদনকারী মৎস্যজীবী নন। তাই তাকে প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব হয়নি।
