সেনাবাহিনী থাকলে জনগণ সাহস পাবে: মনি
নির্বাচনে সেনা মোতায়েনের দাবি আবার জানিয়েছে খুলনা সিটি কর্পোরমেণ ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির প্রধান নির্বাচন সমন্বয়কারী নজরুল ইসলাম মঞ্জু।
একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির এই সংসদ সদস্য।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিনে এক সংবাদ সম্মেলেনে মঞ্জু বলেন, “বরিশালের ঘটনা আমরা দেখেছি। সেখানে একজন প্রার্থীর ব্যক্তিগত সহকারীকে গুলি করা হয়েছে। এ ঘটনায় খুলনাতেও আতঙ্ক সৃষ্টি হয়েছে।”
“আমরা আগেও সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলাম, এখনো জানাচ্ছি। আমরা কেউই নিরাপদ নই। এখনো সময় আছে, নির্বাচন কমিশনের উচিত সেনা মোতায়েন করা।”
খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ‘সরকারদলীয় সন্ত্রাসীদের’ আনাগোনা বাড়ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
“নগরীতে ৯৯০টি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থাকলেও জমা পড়েছে ৩২০টি। বাকিদের যারা অস্ত্র জমা দেননি, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে,” প্রশ্ন করেন মঞ্জু।
বিকালে সংবাদ সম্মেলনের আগে সকালে বয়রা এলাকায় প্রচার চালানোর সময় মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি সাংবাদিকদের বলেন, “সেনাবাহিনী নিয়োগ দিলে জনগণের সাহস এবং আস্থা বাড়বে।”
তিনি বলেন, “এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে হত্যাকাণ্ড হয়েছে, নির্বাচনকর্মীদের ওপর নিপীড়ন চলছে, অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে, নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে না।”
সংবাদ সম্মেলনে মঞ্জু নির্বাচন কমিশনকে ‘কলের পুতুল’ আখ্যায়িত করেন।
প্রচারের শেষ দিনে বিরোধী প্রার্থীর ৬ জন নির্বাচনী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
একইসঙ্গে ১৪ দলীয় জোট প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারেন- এই আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ওপর নজরদারি রাখার দাবি জানান মঞ্জু।
বিএনপি সমর্থিত প্রার্থী মনি সকালে নগরীর পূর্ব বানিয়াখামার, শেরে বাংলা রোড, গল্লামারী এবং বিকালে ক্রিসেন্ট জুটমিল, সিমেন্ট্রি রোড ও মুড়িপট্টি এলাকায় শেষবারের মতো গণসংযোগ চালান।
