‘বিএনপি ব্র্যাকেটে যাবে’
আগামী নির্বাচনে জনগণের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে প্রধান বিরোধী দল বিএনপির রাজনীতির ইতি ঘটবে বলে দাবি করেছেন সরকারি দলের সংসদ সদস্য তারানা হালিম।
সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্য বুধবার সংসদে বাজেট আলোচনায় বলেছেন, “ব্যালটের মাধ্যমে জনগণ আপনাকে (খালেদা জিয়া) রাজনীতিতে বসিয়ে দেবে। জনগণ খালেদা জিয়াকে ব্রাকেটে ফেলে দেবে।”
এর মধ্য দিয়ে কার্যত বিএনপিকে ভেঙে যাবে বলে ইঙ্গিত করেছেন তারানা হালিম।
বাংলাদেশের রাজনীতিতে দল ভেঙে আলাদা নেতার নামে ব্র্যাকেটবন্দি হয়ে আলাদাভাবে কাজ করার নজির রয়েছে। প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের ক্ষেত্রিই তা ঘটেছে।
তারানা হালিম সংসদে বক্তৃতায় ওই কথা বললে বিরোধী সংসদ সদস্যরা হৈ চৈ করে ওঠেন।
তখন স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শান্ত করতে বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্যের কথায় অসংসদীয় কিছু থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেয়া হবে।
প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় রাশেদা সরকারের কড়া সমালোচনা করে বলেন, ভুলনীতির কারণে দেশের মানুষ এখন ঋণের বোঝা বহন করছে, গার্মেন্টস শিল্প চলে যাচ্ছে ভারতে।
গত ৫ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিলো দাবি করে তার নিন্দা জানান তিনি। সেই সঙ্গে হেফাজতের তাণ্ডবের সময় কুরআন পোড়ানোর জন্য ক্ষমতাসীন দলের এক নেতাকে দায়ী করেন তিনি।
বিরোধী সংসদ সদস্যের এই বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা সমস্বরে ‘না, না’ বলে চিৎকার করে ওঠে।
‘উগ্রপন্থীরা দেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে’ এই বক্তব্যের মাধ্যমে অর্থমন্ত্রী দেশের মুসলমানদের ‘ছোট’ করেছেন বলেও মন্তব্য করেন রাশেদা।
এরপর আলোচনায় অংশ নিয়ে তারানা হালিম বলেন, বিরোধী দলের সদস্যরা হতাশায় ভুগছেন। ‘হেফাজতের হেফাজত’ করতে না পারায় তাদের রাজনীতিই শেষ হয়ে গেছে।
“হেফাজতে তারা গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না।”
কুরআন শরিফ পোড়ানো নিয়ে রাশেদার বক্তব্যের জবাবে তারানা বলেন, “সন্ত্রাস দমন আইনে একটি ধারা রয়েছে- যে কোনো বক্তব্যের ছবি, ফুটেজ তথ্যপ্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
“আপনি যেসব বক্তব্য রেখেছেন, তার প্রতিটি বিষয়-অভিযোগ আদালতের প্রমাণ করতে হবে, তা না হলে দোষী সাব্যস্ত হবেন।”
দুই নারী সংসদ সদস্যের আগে বাজেট আলোচনায় আওয়ামী লীগের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন বলেন, বিরোধী দলের বন্ধুরা বাজেটের সমালোচনা করে বলছেন, এটা উচ্চাভিলাষী বাজেট; বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। আমি তাদেরকে বলতে চাই, ভাবনার কিছু নেই। যারা রাঁধতে পারে তারা চুলও বাঁধতে পারে।”
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।
সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ বিএনপির উদ্দেশ্যে বলেন, “রাস্তার গাছ না উপড়ে নির্বাচনে আসুন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী নির্বাচন হবে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তবর্তীকালীন সময়ের কেবিনেট হবে, সেই নির্বাচনে আসুন।”
খালেদুর রহমান টিটো বলেন, “শুরুতেই কিছু বুদ্ধিজীবী বললেন, বাজেট বাস্তবভিত্তিক নয়, বাস্তবায়ন করা যাবে না, ঘাটতির বাজেট। গতবারও বলেছিলো, কিন্তু ২০১২-১৩ অর্থবছরের ৯৯ শতাংশ বাজেট কার্যকর হয়েছে, এবারো তাই হবে।”
হরতাল প্রসঙ্গে তিনি বলেন, “কথা নেই, বার্তা নেই, হরতাল দিচ্ছেন দিন, কিন্তু গাড়ি ভাঙার অধিকার কারো নেই।”
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেন, “গত চারবার বাজেট বাস্তবায়ন করেছি। বাজেট বাস্তবায়নে যোগ্য নয়, এটা বলা যাবে না।”
আওয়ামী লীগের আবু জাহির, বেনজীর আহমেদ, মোতাহের হোসেনও আলোচনায় অংশ নেন।
বিরোধী দলের লুৎফুর রহমান বলেন, “এই যে প্রধানমন্ত্রী, ্বুনার কাছে হাল খাতা আছে। আপনাদের জেতানোর জন্যই তো উনি তত্ত্বাবধায়কের নির্বাচন দিচ্ছেন না। এটা আওয়ামী লীগ বাঁচানোর বাজেট।”
ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, “শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আপনারা যাকে শেখ হাসিনার বিকল্প ভাবছেন, আপনারা যাকে প্রজেক্ট করছেন; তাই যদি হয়, তাহলে সেটা হবে বাংলার জনগণের দুর্ভাগ্য।”
