সিটি নির্বাচনে কারচুপি হলে দাঁতভাঙা জবাব: ফখরুল
চার সিটি কর্পোরেশন নির্বাচনে ‘ভোট কারচুপি’র ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সরকারকে হুঁশিয়ার করেছে বিএনপি।
বুধবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থানকারী প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে ভীত হয়ে সরকার এখন ছলেবলে তাদের পরাজিত করার অপচেষ্টা করছে।”
“আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, তাদের পরাজিত করা হলে জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে। সেখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে,” হুঁশিয়ারি দেন তিনি।
আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিএনপি স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিচ্ছে।
গত এক মাসে রাজধানীতে বিএনপির প্রথম জনসভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানান।
সরকারের অনেক ‘টালবাহানার’ পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায় প্রধান বিরোধী দল। দলের হাজার হাজার নেতা-কর্মী এতে অংশ নেয়, যাদের অনেকের হাতে ছিলো তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
বক্তব্যের শুরুতে গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ‘নিহতদের’ আত্মার মাগফেরাত কামনা করেন ফখরুল।
ওই অভিযানে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে বিরোধী দল দাবি করলেও সরকার বলছে, এতে কেউ নিহত হয়নি। নিহত হলে তা তালিকাও প্রকাশ করতে বিরোধী দলকে বলেছেন মন্ত্রীরা।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য রাখেন।
‘নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হতে দেবো না’
দেশের আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করতে সরকারকে আহ্বান জানিয়ে ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
“সরকার যতই নির্যাতন করুক, যত খুশি জেলে পাঠাক, অত্যাচার-নিপীড়ন করুক, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে।’’
বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি নেতা বলেন, “১৯৯৬ সালে দেশে সংসদীয় সরকার ছিলো, তখন আপনিই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিলেন। বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
“আজ আপনিই আবার বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না, সংসদীয় সরকারের অধীনে নির্র্বাচন হবে।’’
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে ফখরুল বলেন, ‘‘ওই ধরনের নির্বাচন আমরা হতে দেবো না, দেবো না।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক অবসর দেয়ার কয়েকটি ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘‘সরকার তাদের মতো করে প্রশাসন ঢেলে সাজাচ্ছে।
‘‘সরকারকে বলবো,, এত ভয় কেন? আপনারা যদি ভালো কাজ করে থাকেন, নিজেদের ওপর আস্থা থাকে, জনপ্রিয় হয়ে থাকেন, তাহলে সমান সুবিধা সৃষ্টি করে খেলার মাঠ তৈরি করুন।’’
নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির মুখপাত্র।
সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, “আমাদের এমপি রানু কথা মেনে নিন, চুদুরবুদুর বাদ দিন। নইলে যে ঘটনা ঘটবে, তার দায় শেখ হাসিনাকে নিতে হবে।’’
সোমবার সংসদে বক্তব্যে রেহানা আখতার রানু সরকারকে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তার আঞ্চলিক ভাষায় বলেছিলেন, “নির্দলীয় সরকার নিয়ে কোনো চুদুরবুদুর চইলত ন।”
‘বিরোধী দল ঠেকাতে আইন সংশোধন’
বিরোধী দল দমনের উদ্দেশ্য নিয়ে সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
“সংশোধিত আইনে পুলিশকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে। এখন আর ম্যাজিস্ট্রেটের কোনো অনুমতি লাগবে না। পুলিশ যে কাউকে সন্ত্রাসের অভিযোগ গ্রেপ্তার করে তদন্ত শুরু করে দিতে পারবে।’’
ফেইসবুক, টুইটারের কথপোকথন ও মন্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণের বিধান যোগ করা নিয়েও আপত্তি জানান সাবেক সংসদ সদস্য ফখরুল।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “বিরোধী দলকে দমন করতে গতকাল সংসদে সন্ত্রাসবিরোধী আইন পাস করেছে সরকার। আমরা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছি।”
সমাবেশে ‘নিষেধাজ্ঞা’ আরোপের সমালোচনা করে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চার দেয়ালের ভেতরে বিএনপি সমাবেশ করতে পারবে। এর মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে, সরকার বিরোধী দলের রাজনীতিকে চার দেয়ালের মধ্যে আটকে রাখতে চায়।’’
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিক্ষোভ সমাবেশ।
ফখরুল বলেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আবার রিমান্ডে নেয়া হয়েছে। ইসলামিক টেলিভিশন ও দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
“এই ইতিহাস আওয়ামী লীগের নতুন নয়। ১৯৯৬ সালে তাদের শাসনামলে দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, বিচিত্রা বন্ধ করে দেয়া হয়েছিলো। ’৭৫ সালে চারটি বাদে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলো।”
দলের ভাইস চেয়ারম্যান তারেকের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে সাদেক হোসেন খোকা বলেন, “তার এক বক্তব্যে সরকারের ঘাম দিয়ে জ্বর এসেছে। তাদের কার্যক্রমে মনে হচ্ছে, মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছে।”
“আমরা বলতে চাই, মামলা দিয়ে, ভয় দেখিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। তিনি সুস্থ হলে উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন।”
মওদুদ বলেন, “আমরা স্পষ্টভাষায় সরকারি দলকে বলতে চাই- জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অশালীন উক্তি করা হলে পাল্টা জবাব দেয়া হবে। কোনো কিছু বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আবদুল মইন খান, এ জেড এম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমেদ, ফজলুল হক মিলন, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, শ্রমিক দলের মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমও বক্তব্য দেন।
