২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষ কষ্টে আছে, দুই নেত্রী বসুন’

চলমান রাজনৈতিক সঙ্কট অবসানে দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে আলোচনায় বসতে সংসদে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবর রহমান।  

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 12:07 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

দুই নেত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা দুইজন বসে সিদ্ধান্তে আসেন। আপনারা সিদ্ধান্ত নিলে মানুষ গ্রহণ করবে। সংবিধান সংশোধন করা যাবে।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেছেন, “মানুষ আজ আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কিছু করুন। কিভাবে নির্বাচন হবে সেটা ঠিক করা কঠিন কিছু নয়।”

“বিরোধীদলীয় নেত্রী, আপনি, এরশাদ সাহেব মিলে কিছু একটা করুন। মানুষ খুব কষ্টের মধ্যে আছে। প্রয়োজন হলে ৫-৭ মানুষ নিয়ে কমিটি করে নির্বাচন পরিচালনার ব্যবস্থা নিন,” বিরোধী নেতার প্রতি তার আহ্বান।

সঙ্কট অবসানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকেও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান লালমনিরহাট থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতভেদের মধ্যে দেশে রাজনৈতিক সঙ্কট তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইলেও প্রধান বিরোধী দল বিএনপি নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে।  

দুই দলের নেতাদের উদ্দেশে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, “জনগণের জন্য দুই দলেরই কর্তব্য আছে। এক দল আরেক দলকে দোষারোপ করলে হবে না।”

বুধবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে দুই নেত্রীর প্রতি আলোচনার আহ্বান জানান মজিবর। 

অধিবেশনে আসরের নামাজের বিরতির আগ পর্যন্ত মজিবর ছাড়াও তিনজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তার মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরে বলেন, “আমার নির্বাচনী এলাকা ফরিদপুর বিগত সময়ে ফকিরপুর নামে পরিচিত ছিলো। বর্তমান সরকারের সময় ফরিদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে।”

আওয়ামী লীগের ওয়ারেসাত হোসেন বেলাল বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে বলেন, “একজন রাজনীতিবিদের কাছে জেলে যাওয়া অপমানের কিছু নেই। উনি যদি কোনো অন্যায় না করেই থাকেন তবে দেশে আসুন। আইনিভাবে সবকিছু মোকাবেলা করুন।”

ক্ষমতাসীন দলের এ বি এম আবুল কাশেম বলেন, “খালেদা জিয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ব্যর্থ হয়ে এখন পাগল প্রায়। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।”