২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজনীতিতে দ্বিচারিতার সুযোগ নেই’

খালেদা জিয়াকে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রাজনীতিতে দ্বিচারিতার কোনো সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 12:43 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার গণগ্রস্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “আপনার সামনে পথ দুটি- গণতান্ত্রিক রাজনীতি ও সহিংস হত্যা, খুন, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি। আপনি কোন রাজনীতি করবেন আপনকেই স্থির করতে হবে। রাজনীতিতে দ্বিচারিতার কোনো সুযোগ নেই।”

সুরঞ্জিত সেনগুপ্ত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনারও সমালোচনা করেন।

তিনি বলেন, “সহিংস রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতি এক নয়। একটি আরেকটিকে বাতিল করে। হরতাল ততক্ষণ গণতান্ত্রিক, যতক্ষণ তা অহিংস থাকে।”

আওয়ামী লীগকে নিয়ে মওদুদ আহমদের এক বক্তব্যের জবাবে দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, “জেনারেল জিয়াউর রহমান একই সাথে সেনাপতি, রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক শাসক হিসেবে ক্ষমতায় থাকা অবস্থায় দল গঠন করে নির্বাচন করেছিলেন। পরবর্তীতে ’৯৬ সালেও আপনার দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চেয়েছিলেন। এই নির্বাচনগুলো কী বৈধ?”

একদিন আগে মওদুদ আহমেদ বলেছিলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছে।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত বলেন, “বিএনপির উদ্দেশ্য বলব- অনেক তো হল, আর কত? জঙ্গিবাদী রাজনীতি সারা বিশ্বে অচল। বোমা মারবেন, আবার নির্বাচন করবেন- তা হবে না। শান্তির পথে আসুন।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম প্রমুখ।