২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের উদ্যোগ চায় বিএনপি

চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সমঝোতার উদ্যোগ নিতে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 08:47 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার নির্দলীয় সরকারের বিষয়ে সংসেদ আমাদের প্রস্তাব দিতে বলছে। আমাদের সদস্য সংখ্যা ৩৫, আর জোটে ৪১ জন। আমরা কেন সংসদে প্রস্তাব দেব?”

এই বিএনপি নেতার মতে, আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে আগে সংসদের বাইরে ‘সমঝোতায়’ আসতে হবে।

“নতুন স্পিকার ইতোমধ্যে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আমরা মনে করি, এ ব্যাপারে স্পিকার দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা করতে উদ্যোগ নিতে পারেন।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে।

তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে তা বয়কটের হুমকি রয়েছে বিএনপির।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের জন্য বিরোধী দলকে প্রস্তাব দিলেও বিএনপি বলছে, আগে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে হবে, তারপরই আলোচনা হতে পারে।

‘তত্ত্বাবধায়ক’ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপি সংসদের চলতি অধিবেশনের আগে একটি মুলতবি প্রস্তাব দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়। আর এ কারণে আলোচনার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অবশ্য স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিরোধী দল মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নিলেও আলোচনার সুযোগ রয়েছে বলেই তিনি মনে করেন।

দেশের বর্তমান সংকটের বিষয়ে এম কে আনোয়ার বলেন, ‘‘ আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য সংবিধান থেকে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। এর ফলে দেশে এক দুঃসময় ও অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে অর্থনীতি পঙ্গু হয়ে গেছে।’’

এই সংকট থেকে উত্তরণে সংসদের ভেতরে বা বাইরে- যে কোনো স্থানে আলোচনার ওপর গুরুত্ব দেন তিনি।

সরকারকে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে এম কে আনোয়ার বলেন, “সরকার যত চক্রান্তই করুক, দেশের প্রতিটি মানুষের এই দাবি উপেক্ষা করতে পারবে না। প্রধানমন্ত্রীকে বলব, এই দাবিকে উপেক্ষা করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। দাবি না মেনে আপনি কেবল দেশে অস্থিরতাই জিইয়ে রাখতে পারবেন।”

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সাতমসজিদ রোডের একটি রেঁস্তোরায় এই আলোচনা সভা হয়।

ধানমন্ডি শ্রমিক দলের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহানগর সভাপতি রেহান আলী, ধানমন্ডি থানা শ্রমিক দলের সহসসভাপতি আবু কাউসার ভুঁইয়া, শেখ রবিউল আলম , মাহবুবুর রহমান নয়ন আলোচনা সভায় বক্তব্য দেন।