বিএনপি নিজের ফাঁদে পা দিয়েছে: সুরঞ্জিত
নির্দলীয় সরকার পদ্ধতি নিয়ে সংসদে মুলতবি প্রস্তাব না তুলে ‘বিএনপি সরকারের ফাঁদে পা দেয়নি’ বলে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার বক্তব্যের জবাব দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেছেন, “মুলতবি প্রস্তাব না দিয়ে বিএনপি নিজেই নিজের ফাঁদে পা দিয়েছে।”
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একথা বলেন।
সুরঞ্জিত বলেন, “সংসদ অধিবেশন শুরুর আগে আপনারাই (বিএনপি) মুলতবি প্রস্তাব এনেছিলেন। পরে তা তুলে নেন। তাহলে কি দলীয় সিদ্ধান্ত ছাড়াই আপনারা মুলতবি প্রস্তাব তুলে নিয়েছিলেন?”
বিরোধী দল প্রমাণ করেছে তারা আলোচনা চায় না- বিএনপির ওই পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার এক সভায় বিএনপি নেতা রফিকুল বলেন, সংসদে আওয়ামী লীগ ও তার জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা প্রস্তাব তুললে সরকারি দল তা নাকচ করে দিতো।
সুরঞ্জিত বলেন, “সংসদে বিরোধী দলের মুলতবি প্রস্তাব অনাস্থা প্রস্তাবের মতোই গুরুত্বপূর্ণ। দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে আপনারা অবশ্যই মুলতবি প্রস্তাব আনতেন।
“এতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি হতো। আমার মনে হয়, বিএনপি হীনমন্যতায় ভুগছে। গোসল করবেন আর বেনী ভেজাবেন না, তা কখনোই সম্ভব না।”
২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের শুল্ক বাড়ানোর বিষয়টি পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত।
“বিভিন্ন জন দাবি তুলেছেন যেন সংবাদপত্রের শুল্ক কমানো হয়। আমি এ দাবির প্রতি একমত। আমি মনে করি, সংবাদপত্র শিল্পের জন্য নিউজপ্রিন্টের ওপর আরোপিত শুল্ক কমানো হোক।”
শুল্ক কমাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাসও দেন সুরঞ্জিত।
