২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভী আমানদের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ জুলাই

দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২ জুলাই ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৬ এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান বৃহস্পতিবার এ আদেশ দেন।

মামলার প্রধান আসামি বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী ও মোহাম্মদ শাজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেনসহ ১২৯ জনের পক্ষে সময় আবেদন করা হয়।

এ মামলায় হাজিরা দেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবসহ ১৯ জন।

গত ২৪ মার্চ দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত ১১ মার্চ বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় পল্টন থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ, যার একটি দ্রুত বিচার আইনে করেন পল্টন থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।