২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতন্ত্র অব্যাহত রাখুন’

দুই প্রধান রাজনৈতিক দলের চলমান বিরোধপূর্ণ অবস্থানের ফলে তাদের সংলাপে বসানো কঠিন বলে মনে হয়েছে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী অ্যালান ডানকানের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কূটনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 05:46 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

এই জন্য গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রাখতে দুই দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি, যাতে আগামী জাতীয় নির্বাচনটি  সুষ্ঠুভাবে হয়।

নির্বাচনের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে চার দিনের সফরে সোমবার ঢাকায় আসেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে ঢাকা ছাড়ার আগে বুধবার সংবাদ সম্মেলন করেন ডানকান, যাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ ফুটে ওঠে।

অ্যালান বলেন, “আপনাদের দেশে দুই দলের নেতাদের চরম বিরোধ। তারা সব সময় রাজনৈতিক বিতর্কে জড়িয়ে থাকলে সংলাপ সম্ভব হবে না।”

নির্বাচনের বছরে এসে দেশের রাজনৈতিক সঙ্কট তীব্র হওয়ার আভাস দেখা যাচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগও রয়েছে। 

আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে না হলে তা করতে না দেয়ার হুমকি রয়েছে প্রধান বিরোধী দল বিএনপির। অন্যদিকে বিরোধী দলের দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, বর্তমান সংবিধানের আলোকে নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে।

দুই দলের এই বিপরীত অবস্থানে যেন গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, সেই আহ্বান রেখেছেন যুক্তরাজ্যের মন্ত্রী।

তিনি আশা করছেন, সংবিধান সমুন্নত থাকবে এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে।

“গণতন্ত্র হচ্ছে ফুটবলের মতো। আমরা খেলার নিয়মনীতি ঠিক করি এবং সে অনুযায়ী আমরা খেলি। সঠিক আইন ঠিক করতে হবে এবং আমরা চাইবো, সবাই ওই আইনে একমত হবেন এবং সংবিধানকে কার্যকর রেখে গ্রহণযোগ্য নির্বাচন করবেন।”

ডানকান আশা প্রকাশ করেন, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সে বিষয়ে মতানৈক্য থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হবে।

নির্বাচনের সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলো সংঘাত-সহিংসতা থেকে বেরিয়ে আসবে বলেও আশা করেন তিনি।

“আমি চাইবো দুই দলের নেতারা সহিংসতা থেকে বেরিয়ে আসবেন এবং সব ধরনের সহিংসতার নিন্দা করবেন। সর্বোচ্চ গণতান্ত্রিক বৈশিষ্ট্য বজায় রেখে তাদের দলের কর্মীদের রাজনৈতিক কাজ করাবেন।”

সংসদকে কার্যকর রাখতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।

“যখন পার্লামেন্ট বর্জন চলতে থাকে এবং তা কার্যকর না থাকে, তখন সংসদ একটা দেশের খ্যাতি নষ্ট করে।”

গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি কার্যকর সংসদ গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।

তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে শতাধিকের পর রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যে এনিয়ে আলোচনাই ডানকানের এই সফরের মূল উদ্দেশ্য ছিলো।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি এখন অনেক বেশি বলে রাজনৈতিক দলগুলোকে তাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন যুক্তরাজ্যের মন্ত্রী।

“বিশ্বে বাংলাদেশের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে, তাই আগের চেয়ে অনেক বেশি মানুষ এদেশের নির্বাচন প্রত্যক্ষ করবে।”

পুরনো খবর:

নির্বাচনে সব দলকে দেখতে চায় যুক্তরাজ্য: খালেদাকে ডানকান