নির্বাচনে সব দলকে দেখতে চায় যুক্তরাজ্য: খালেদাকে ডানকান
বাংলাদেশের আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ যুক্তরাজ্য দেখতে চায় বলে খালেদা জিয়াকে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালেন ডানকান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার রাতে বিরোধীদলীয় নেতার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন যুক্তরাজ্যের মন্ত্রী।
তিনি সাংবাদিকদের বলেন, “আমার অনুভূতি হচ্ছে, সব দলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে। যেখানে কোনো প্রকার হুমকি ও সহিংসতা থাকবে না। আমরা বাংলাদেশ একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন দেখতে চাই।”
চলমান সঙ্কট নিরসনে সংলাপের সম্ভাবনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডানকান বলেন, “আমি আশা করি, রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করবে। যাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সংবিধান কার্যকরভাবে কাজ করে।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পৌনে এক ঘণ্টার বৈঠকে তৈরি পোশাক শিল্পের বর্তমান সমস্যা নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসা ডানকান জানান, যাদের সঙ্গেই তার কথা হচ্ছে তিনি সংঘাতমুক্ত নির্বাচনের কথা বলছেন।
বৈঠকে থাকা বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের মতো পরিবেশ প্রত্যাশা করছে যুক্তরাজ্য।
সংবিধানের পঞ্চদশ সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায়ই পরবর্তী জাতীয় নির্বাচন হবে।
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিরোধী দল।
যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শমসের মবিন বলেন, পরে এই সফরের দিনক্ষণ ঠিক হবে।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদও ছিলেন।
ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ডিএফআইডি’র আবাসিক প্রতিনিধি সারা কুকও ছিলেন।
