২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল সহযোগিতা করছে: স্পিকার

সংসদ পরিচালনায় বিরোধী দলের পূর্ণ সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন নতুন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 11:45 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

তিনি বলেছেন, “বিরোধী দল ইতোমধ্যে বাজেট অধিবেশনে যোগদান করেছে এবং প্রশ্ন-উত্তরসহ সংসদ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। সংসদ কার্যক্রম পরিচালনায় পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে।”

বুধবার সংসদ ভবনে বাংলাদেশে সফররত নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হেইক্কি এডসভল হলমাসের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার হিসেবে গত ৩ জুন সংসদ অধিবেশনে শিরীন শারমিনের প্রথম সভাপতিত্ব করার দিনই অধিবেশনে যোগ দেয় বিএনপিসহ বিরোধী দল।

৮৩ দিন পর সেদিন ফিরলেও সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে বিরোধী দল ওই দিনই ওয়াক-আউট করে। অবশ্য পরদিন আবার সংসদে ফিরে আসে তারা।

মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্ব চলার সময় বিরোধী দলের সংসদ সদস্য শাম্মী আক্তারের এক সম্পূরক প্রশ্নের ‘অসংসদীয়’ ভাষা স্পিকার এক্সপাঞ্জ করলেও কোনো হৈ-চৈ করেননি বিএনপির সংসদ সদস্যরা, যা আগে দেখা যেত।

নরওয়ের মন্ত্রীর সঙ্গে স্পিকারের আলোচনায় বাংলাদেশের পোশাক শিল্পের বিষয়টিও উঠেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্পিকার বলেন, এ খাতের উন্নয়নে বিশেষ করে কর্মক্ষেত্রের কর্ম পরিবেশ, নিরাপত্তা ও শ্রম অধিকার প্রতিষ্ঠাসহ তাদের  জীবনমান উন্নয়নে সরকার সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।

নরওয়ের মন্ত্রী হলমাস বলেন, গার্মেন্ট খাতের অব্যাহত প্রবৃদ্ধি নিশ্চিত করতে শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনা অত্যন্ত জরুরি।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরে এই সঙ্কট মোকাবেলায় নরওয়েসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার অনুরোধ জানান শিরীন শারমিন।