২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিন ও আলালকে হয়রানি না করতে আদালতের নির্দেশ

যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও মোয়াজ্জেম হোসেন আলালকে হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

আলাদা রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন। তাদের সহায়তা করেন সগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

এর আগে রোববার শেরেবাংলানগর ও তেজগাঁও থানায় পুলিশের দায়ের করা পৃথক মামলায় ছয় মাসের জামিন পেয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল গত ৩০ মে নিম্ন আদালত থেকে জামিন পান।

সগীর হোসেন লিওন বলেন, আদেশের অনুলিপি না পৌঁছানোয় তিনি এখনো কারাগারে রয়েছেন। তবে বের হওয়ার সময় তিনি কারাফটক থেকে গ্রেপ্তারের আশঙ্কা করছেন।

এই কারণে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা চেয়ে গত রোববার রিট আবেদনটি করেন যুবদল সভাপতি। তিনি গত ৭ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন।

অন্যদিকে গত ৮ এপ্রিল রাজধানীর গুলশান থেকে গোয়েন্দা পুলিশ সালাহউদ্দিন আহমেদকে আটক করে।

এরপর পুলিশের দায়ের করা চার মামলায় জামিন পেয়ে সালাউদ্দিন আহমেদ কারাগার থেকে বের হলেও গত ১৬ মে কারাফটক থেকে তাকে ফের গ্রেফতার করা হয়। এরপর

শেরেবাংলানগর ও তেজগাঁও থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।