২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা সত্ত্বেও স্বতঃস্ফূর্ত হরতাল চলছে: বিএনপি

সরকার ‘দমনপীড়ন’ চালালেও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবির হরতালে দেশবোসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে মিলেছে বলে দাবি করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 06:06 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

দাবি না মানলে আরো হরতাল: বিএনপি
হরতালে কড়া নিরাপত্তা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “শত বাধা-বিপত্তির মধ্যেও সারা দেশে স্বতস্ফূর্তভবে মানুষ হরতাল পালন করছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর মিরপুর, তেজগাঁও, ফতুল্লা, লালবাগ, কদমতলী, শেরে বাংলানগরে পিকেটারদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।

এছাড়া নারায়ণগঞ্জ,চট্টগ্রাম মহানগর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় হরতাল সমর্থকদের ওপর পুলিশ হামলা চালিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে বলে দাবি করা হয়।

পাঁচ বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেককে দেশে ফেরাতে মুদ্রা পাচারের একটি মামলায় ইন্টারপোলের মাধ্যমে আদালতের পরোয়ানা জারির পর এই হরতাল ডাকে ১৮ দলীয় জোট।

বিএনপি নেতৃত্বাধীন এই জোটের দাবি, তারেকের বিরুদ্ধে ২০টি মামলার সবগুলো প্রত্যাহার করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক দেশে ফিরতে উদগ্রীব বলে সংবাদ সম্মেলনে জানান শামসুজ্জামান।

হরতালে দলীয় কার্যালয় ঘিরে পুলিশের অবস্থানের মধ্যে এই সংবাদ সম্মেলন হয়।

এতে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য মো. হানিফ উপস্থিত ছিলেন।

ভোর থেকে  বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও সাদা পোশাকের আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছে। কার্যালয়ে নেতা-কর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না।

কার্যালয়ের কাছাকাছি অবস্থানে সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও র‌্যাব সদস্যদের একটি দল রয়েছে। পল্টনের বিভিন্ন অলিগলির সামনেও পুলিশি পাহারা রয়েছে।

শামসুজ্জাসানসহ কয়েকজন নেতা গতরাত থেকেই কার্যালয়ে অবস্থান করছেন। সকাল থেকে আর কেউ ঢুকতে পারেননি।