নির্বাচনে আসবে বিরোধী দল,আশা প্রধানমন্ত্রীর
নির্দলীয় সরকার না হলে ভোট বয়কটের হুমকি দেয়া বিরোধী দল নির্বাচনে আসবে বলে নিজের আশার কথা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ওয়েন্ডি শারম্যানের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, “তারা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। আমি আশা করি, আগামী নির্বাচনেও তারা অংশ নেবে।”
রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালি সিটি কর্পোরেশনে বিএনপি নেতাদের অংশগ্রহণেরি দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী একথা বলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার উপ-প্রেসসচিব বিজন লাল দেব।
বর্তমান সরকার আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন নির্বাচিত সরকারের অধীনেই পরবর্তী জাতীয় নির্বাচন হবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহাল চাইছে বিরোধী দল।
দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীত অবস্থানে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শারম্যান।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে আসা শারম্যান বিকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মন্ত্রীকে জানান, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। সব দলের মতামতের ভিত্তিকে গঠিত এই কমিশনের কোনো কাজে সরকারের হস্তক্ষেপ নেই।
বর্তমান সরকার আমলে জাতীয় সংসদের উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে ৫ হাজার ৬৪৫টি নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “প্রতিটি নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে। কারো পক্ষ থেকে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি।”
বিজন লাল দেব জানান,বৈঠকে তৈরি পোষাক শিল্পসহ সাভারে ভবন ধস, রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী তার সরকারের আমলে একদফা বেতন বাড়ানো এবং পুনরায় বাড়ানোর উদ্যোগের কথা জানান।
বাংলাদেশে শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে সমালোচনামুখর যুক্তরাষ্ট্রের মন্ত্রীকে শেখ হাসিনা জানান, শ্রম আইন সংশোধনের উদ্যোগও নেয়া হচ্ছে।
ওয়েন্ডি শারম্যান এই প্রসঙ্গে বলেন, এক সময়ে যুক্তরাষ্ট্রেও একই অবস্থা ছিলো। কিন্তু, সংস্কারের মধ্য দিয়ে এর পরিবর্তন হয়েছে।
বাংলাদেশও এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জানান, দারিদ্র্য বিমোচন, মাতৃমৃত্যু হ্রাস, আর্থ সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ওয়েন্ডি শারম্যান।
বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে যুক্তরাষ্ট্র ‘সন্তুষ্ট’ বলেও মন্তব্য করেন শ্যারম্যান।
বাংলাদেশে থাকা পাঁচ লাখের বেশি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশা করেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী।
তিনি বলেন, তার প্রেসিডেন্ট বারাক ওবামা খাদ্য নিরাপত্তা, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা,স্বাস্থ্যসেবা এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আর এই প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ অন্তর্ভুক্ত।
বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনাও বৈঠকে অংশ নেন।
