২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা গাজী নজরুল গ্রেপ্তার

জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য, সাতক্ষীরার শ্যামনগর এলাকার সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার দুপুরে উপজেলার খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিরুদ্ধে জামায়াত-শিবিবের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় মামলা রয়েছে। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ওসি আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাজী নজরুল ইসলাম তার সহকারী (পিএ) গাউসুল আজমের খানপুরের বাড়িতে জামায়াত নেতাকর্মীদের নিয়ে সভা করছিলেন।

ওই বাড়িতে অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা উপজেলা জামায়াতের কয়েক নেতাকর্মী পালিয়ে যায় বলে জানান ওসি।

গাজী নজরুল জামায়াতের মনোনয়নে ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। 

ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে গাজী নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি আত্মসমর্পণ করেন।

যুদ্ধাপরাধীদের বিচার শুরুর প্রাথমিক পর্যায়ে যে ৩৬ জনের তালিকা হয় তাতে গাজী নজরুল ইসলামের নাম রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

২০১২ সালের ১৪ এপ্রিল রাতে গাজী নজরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।

এ সময় তার বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়।

গাজী নজরুল ইসলাম এ মামলায়ও সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পান।