২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণ ঠিক করুন: দলীয় নেতাদের আশরাফ

জনগণ যেন বীতশ্রদ্ধ না হয়ে পড়ে, সেদিকে সজাগ থাকতে দলীয় নেতাদের বলেছেন সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 11:17 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

নির্বাচনের বছরে বুধবার আওয়ামী লীগের এক সভায় দলের সাধারণ সম্পাদক একথা বলার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দল মেটানোর ওপরও জোর দিয়েছেন।

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা হুমকির মধ্যে আছে জানিয়ে অতীতের মতোই কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন আশরাফ।

বুধবার গণভবনে দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলীয় সভাপতি শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করেন।

আগামী সংসদ নির্বাচনকে ‘বিশ্বকাপ ফুটবল ফাইনাল’ আখ্যায়িত করে আশরাফ বলেন, “নির্বাচনে জিততে যা যা করার করতে হবে। কোন্দল থাকবে না। নেতায় নেতায় দ্বন্দ্ব ঝেড়ে ফেলতে হবে।

“আপনাদের আচার-আচরণ বিশ্লেষণ করে জনগণ ভোট দেবে। আমি কী বোঝাতে চাচ্ছি, তা আপনারা বুঝতে পারছেন।”

এলাকায় কয়েকজন সংসদ সদস্যের আচরণে কর্মীদের ক্ষোভের দিকে ইঙ্গিত করে এক বছর আগে দলীয় সংসদ সদস্যদের আচরণ পরিবর্তন করতে বলেছিলেন আশরাফ।

গত বছরের ১১ জুনের ওই সভায় তিনি বলেছিলেন, “আচরণের পরিবর্তন করতে হবে। দুর্ব্যবহার করে পিস্তল উঁচিয়ে ভোট পাওয়া যায় না। আঙুল উঁচিয়ে কথা বলবেন না। কর্মীদের পিস্তল দেখাবেন না। পুলিশ দিয়ে জেলে পাঠাবেন না।”

রোববারের সভায় আশরাফ নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা সতর্ক থাকবেন। জনগণ আপনাদের রেকর্ড পর্যালোচনা করছে।”

সভায় শেখ হাসিনা নিজ নিজ এলাকায় গিয়ে বর্ধিত সভা করতে নেতাদের নির্দেশ দেন। প্রার্থী নির্বাচনে তৃণমূল নেতাদের সঙ্গে ছোট আকারে বৈঠকের পরামর্শও দেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, “গোয়েন্দা সংস্থা নয়, আমি নিজের মতো করে জরিপ করি। তিনটা ডিভিশনের তথ্য আমার হাতে আছে, বাকি চারটি ডিভিশন আসছে। ওই জরিপ আমি নিজেই দেখি। তারপর, অন্যদের মতামতের সঙ্গে টালি করে মেলাবো।”

বর্ধিত সভায় অংশ নেয়া সব নেতাকে একটি করে ফোল্ডার দেয়া হয়। ফোল্ডারের মধ্যে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকার আমলের সঙ্গে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলের তুলনামূলক চিত্র নিয়ে একটি পুস্তিকা, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের ওপর পুস্তিকা, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর বিরোধী দলের হামলার চিত্র সম্বলিত পুস্তিকা, ‘কেন তত্ত্বাবধায়ক চাই না’ শীর্ষক প্রচারপত্র এবং আওয়ামী লীগের প্রকাশনা ‘উত্তরণ’ দেয়া হয়।  

এসব পুস্তিকা পড়ে জনগণের কাছে তা তুলে ধরতে নেতাদের বলা হয়েছে।

তৃণমূল নেতাদের উদ্দেশে আশরাফ বলেন, “আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তা-ই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দৃশ্যপট পাল্টে দিতে পারে।”

২০০৭ সালের অবস্থা তুলে ধরে আশরাফ বলেন, “তখন নেত্রী কারাগারে ছিলেন। জাতি অন্ধকারে ছিলো। ওই বর্ধিত সভা বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিলো। যারা ওয়ান-ইলেভেন করেছিলো, তাদেরও দিন শেষ হয় ওই বর্ধিত সভায়।”

আওয়ামী লীগের সব স্তরের নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শেখ হাসিনার নিরাপত্তা হুমকির মুখে। চারদিকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে।”

বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রথম বর্ধিত সভায় অধিকাংশ নেতাই উপস্থিত ছিলেন।

মঞ্চে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সতীশ চন্দ্র সাহা, ওবায়দুল কাদের ও সাহারা খাতুন।