১৬ মামলায় আসামি বিএনপি নেতারাও
বিভিন্ন অভিযোগে হেফাজতে ইসলামের শীর্ষ নেতা, জামায়াত-শিবির ও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ১৬টি মামলা হয়েছে, যার মধ্যে তিনটি হত্যা মামলা।
রাজধানীর পল্টন, রমনা এবং মতিঝিল থানায় এসব মামলা করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
এর মধ্যে মতিঝিল থানায় দুটি হত্যা মামলাসহ ছয়টি, রমনায় একটি এবং পল্টন থানায় একটি হত্যা মামলাসহ নয়টি মামলা হয়েছে।
মাসুদুর রহমান বলেন, “মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২৪৭ জনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৪০ হাজার জনকে আসামি করা হয়েছে।”
প্রায় প্রতি মামলায় আসামি করা হয়েছে হেফাজত ইসলামের মহাসচিব জুনাইদ বাবু নগরীকে।
তিনি ছাড়াও হেফাজত ইসলামের চট্টগ্রাম মহানগরের সভাপতি মাইনুদ্দিন রুহী, যুগ্ম মহাসচিব মাওলানা ফরিদ উল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল আলম, নায়েবে আমির মো. মহিবুল্লাহ বাবু, নুর হোসাইন কাসেমী, তাজুল ইসলাম, আবুল মালেক হালিম, যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, আবুল হাসনাত আমিনি, মোস্তফা আজাদ এসব মামলার আসামি।
জামায়াত-শিবিরের আসামিদের মধ্যে অন্যতম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, এইচ এম হামিদুর রহমান আযাদ এমপি, ঢাকা মহানগর জামায়াতে সভাপতি মো. রফিকুল ইসলাম খানসহ ছাত্রশিবির নেতা শাহে আলম, ইব্রাহীম ভূইয়া, আব্দুল্লাহ আল মুজাহিদ।
এ ছাড়া বিএনপির ও এর সহযোগী সংগঠনের সুলতান সালাউদ্দিন টুকু, হাবিব-উন-নবী সোহেল, হাবিবুর রশীদ, রফিকুল ইসলাম মনজু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সরাফত আলী সপুসহ মোট ২৪৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলাটি করা হয়।
সবকটি মামলায়ই তাদের আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তিনটি হত্যা মামলায় বাদী হয়েছেন, মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন, এসআই হাবিবুর রহমান এবং পল্টন থানার মামলায় বাদী হয়েছেন রেজাউল করিম নামে এক ব্যবসায়ী।
বাকি ১৩টি মামলার বাদীরা হলেন, ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) সহ সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ শামসুল আলম, ওয়াপদার সহকারী পরিচালক মকবুল হোসেন, মতিঝিল থানার এসআই কবির হোসেন, এসআই কল্যাণ মিত্র, ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক মশিউর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামান আহমেদ, বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াহিয়া, ঢাকা পূর্ব অঞ্চলের ট্রাফিক পরিদর্শক আরশাদ উল্লাহ, আনসার ও বিডিপির অফিসার মবিন আলী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, যুবকের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও রমনা থানার কনস্টেবল জালাল উদ্দিন।
রোববার হেফাজতে ইসলামি রাজধানীতে অবস্থানকালে হত্যা ভাংচুর অগ্নিসংযোগ সম্পদ নষ্টসহ বিভিন্ন অভিযোগে এই মামলা করা হয়।
রোববার মতিঝিলে সমাবেশে যোগ দেয়া হেফাজতকর্মীরা পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। দিনভর তাণ্ডব ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে।
পুরানা পল্টনে সিপিবি ও হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ভবনসহ বায়তুল মোকাররম এলাকার অসংখ্য দোকানে আগুন দেয় তারা।
হেফাজতের কর্মীরা বায়তুল মোকাররমের তিন পাশে (উত্তর, দক্ষিণ ও পশ্চিম) অন্তত সাড়ে সাতশ’ দোকানে আগুন দেয়, যার মধ্যে পোশাক-পরিচ্ছদ, গৃহস্থালীর পণ্য, প্লাস্টিক পণ্য, জুতা, স্যান্ডেল, ধর্মীয় বইপত্রের দোকান ছিল। ধর্মগ্রন্থ কোরআন শরীফও পুড়েছে তাদের আগুনে।
পরে সোমবার ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে শাপলা চত্বর থেকে পালাতে থাকা হেফাজতকর্মীরা রাজারবাগ এলাকায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে।
