২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির সাক্ষাৎ

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 06:37 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান জাতিসংঘের প্রতিনিধি। জাতিসংঘের আবাসিক পরিচালক পলিন টেমেসিসও এ সময় উপস্থিত ছিলেন।

সাবিহ উদ্দিন আহমেদ বলেন, “জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে আগামী মাসে একটি প্রতিনিধিদল পাঠাচ্ছেন। এ বিষয়টি অবহিত করতে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন নিল ওয়াকার।’’

মে মাসের দ্বিতীয় সাপ্তাহের মধ্যে এই প্রতিনিধি দলের ঢাকা আসার কথা রয়েছে বলে জানান তিনি।

বৈঠকে সাবিহ উদ্দিন ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

ওয়াকারের সাক্ষাতের দুদিন আগে গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন।

রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে রাজনৈতিক নেতৃত্বের প্রতি তার সরকারের অনুরোধের কথা জানান মজিনা।

গত ১৭ এপ্রিল ১০ আরব দেশের রাষ্ট্রদূতরাও খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।