২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিএনপি নেতাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ  

শহীদ মিনারে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির দুই নেতাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেট,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার জেলার মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শাহরীয়ার হোসেন চৌধুরী ও মহানগরের সাংগঠনিক সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীকে জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন।

কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, শহীদ মিনারে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা  মামলায়  ওই দুই নেতাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত হত্যা মামলায় দুই দিন ও শহীদ মিনারে হামলার মামলায় একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন নোমান মাহমুদ, হাবীবুর রহমান হাবীবসহ প্রায় ৪০ জন আইনজীবী।

গত ১৫ এপ্রিল মামলা দুটিতে বিএনপির ওই দুই নেতা আদালতে জামিন চাইতে গেলে বিচারক তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

গত ২২ ফেব্রুয়ারি কথিত নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে নগরীর কোর্ট পয়েন্ট থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি চৌহাট্টায় আসার পর এতে অংশগ্রহণকারীরা শহীদ মিনারে হামলা চালায় ও জাতীয় পতাকা পোড়ায়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক কলেজ ছাত্র নিহত হয়। আহত হয় শতাধিক মানুষ।

এ ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে কোতোয়ালি থানায় দ্রুতবিচার ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের করা হয়।