আলালের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
শুক্রবার বিকেল চারটায় বান্দরবান জেলা জাতীয়তাবাদী যুবদলের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয় একই স্থানে।
পরে জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি বলেন, “সরকার বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে আটকে রেখেছে। অবিলম্বে শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তিসহ যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দিয়ে সরকার পতনের আন্দোলন জোরদার করা হবে।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি, যুবদলের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন।
