২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেতাদের কারাগারে রেখে আলোচনা নয়’

আটক নেতাদের কারাগারে রেখে বিএনপি সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

Image
খন্দকার মোশাররফ হোসেন

খন্দকার মোশাররফ হোসেন

বুধবার দুপুরে এক প্রতিবাদ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে দলের এই অবস্থানের কথা জানিয়ে মোশাররফ বলেন, "সৈয়দ আশরাফ সাহেব সংঘাতের পথ পরিহার করে আলোচনা বসার উপদেশ দিয়েছেন।

“আমরা তাকে বলতে চাই, আমাদের সবক দেবেন না। বিএনপি সংঘাতের রাজনীতি করে না। সরকারই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে সংঘাত সৃষ্টি করছে। গুম-খুনের ভয়ংকর রাজনীতিতে লিপ্ত হয়েছে।"

"আমরা আলোচনা বিরোধী নই। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কারাগারে রেখে আমরা আলোচনায় বসবো, তা কখনোই হতে পারে না," বলেন বিএনপি নেতা।

সকালে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “বার বার হরতাল দিলে জনসমর্থন কমবে- এই বাস্তবতা বিরোধী দল বুঝতে পেরেছে। তারা ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে সংসদ যোগ দিয়ে আলোচনার পরিবেশ তৈরি করবে বলে আমরা আশা করি।”

উল্টো সরকারকে আলোচনার জন্য পরিবেশ সৃষ্টি আহবান জানিয়ে বিএনপির অন্যতম নীতিনির্ধারক মোশাররফ বলেন, "নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে- এই এজেন্ডায় প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব দিলে আমরা তা চিন্তা করে দেখবো।"

“নেতাদের জেলে রেখে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে আলোচনা হয় না। আলোচনা করতে হলে সরকারকেই পরিবেশ তৈরি করতে হবে,” বলেন তিনি।

খন্দকার মোশাররফ অভিযোগ করেন, "সরকারই আলোচনা চায় না। তারা বার বার আলোচনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। তারা জনগণকে বোঝাতে চায়, বিরোধী দলই আলোচনায় আসে না। সরকারের এসব প্রবঞ্চনা জনগণ বুঝতে পেরেছে।"

নয়া পণ্টনে মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান ও আটক নেতাদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভা হয়।

টিআইবির প্রস্তাবনার বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, "আমরা গত তিন বছর যাবত যে কথাটি বার বার বলে আসছি, সম্প্রতি টিআইবি তা বলেছে যে দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না। এজন্য তাদেরকে সাধুবাদ জানাই।"

বিরোধী দলকে সভা-সমাবেশ করতে না দেয়ার অভিযোগ তুলে তিনি বলেন, "দলীয় সরকারের অধীনে গায়ের জোরে নির্বাচন করে আবারো ক্ষমতায় আসতে চায় বলেই বিরোধী দল নিধন প্রক্রিয়া শুরু করেছে। বিরোধী মতে কণ্ঠরোধও তারা করছে।"

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে দলের সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন, তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু বক্তব্য রাখেন।

পুরনো খবর:

আলোচনার পরিবেশ তৈরির আহ্বান আশরাফের