২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার পরিবেশ তৈরির আহ্বান আশরাফের

‘ধ্বংসাত্মক রাজনীতি’ বাদ দিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকর মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 04:22 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বার বার হরতাল দিলে জনসমর্থন কমবে- এই বাস্তবতা বিরোধী দল বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের মুখপাত্র।

শুরুতেই মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে আশরাফ বলেন, “মুজিব নগর সরকারের যে আউট লাইন হয়েছিল, সেভাবেই সংবিধান রচিত হয়েছে। পরে বিভিন্ন সময় কাট-ছাঁট করা হলেও সে সংবিধানই আছে। এ জন্যই আওয়ামী লীগ এই দিবসটি পালন করে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে টিআইবিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সরকার ও বিরোধীদলের মধ্যে আলোচনার যে তাগিদ দিয়েছে সে প্রসঙ্গে আশরাফ বলেন, “প্রধানমন্ত্রী তো এ বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।” টিআইবির রূপরেখা প্রস্তাবের পরদিন গত শনিবার এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “সংসদীয় গণতন্ত্র যেখানে আছে, সেখানে নির্বাচন কী ভাবে হয়? নতুন নতুন ফর্মুলা দিয়ে জটিলতা সৃষ্টি করলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে না।”

আওয়ামী লীগ প্রধানের কথার পুনরাবৃত্তি করে দলের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, “পরিস্থিতিকে আরো জটিল করে তোলার কোনো মানে হয় না।”

বিরোধীদল ‘ধ্বংসাত্মক রাজনীতি’ পরিহার করে সংসদে যোগ দিয়ে আলোচনার পরিবেশ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, “সারা দেশে কেউ হরতাল সমর্থন করে না। এতে বিরোধী দলের দাবিও পূরণ হচ্ছে না। বার বার হরতাল দিলে জনসমর্থন কমে যেতে পারে। বিরোধী দল এটা বুঝতে পেরেই বাস্তবমুখী হয়েছে।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত তিন বছর ধরেই আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। তবে সরকারের শেষ সময়ে এসে ওই দাবির সঙ্গে নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবি যোগ করে গত সাড়ে ৪ মাসের মধ্যে ৩০ দিনই হরতাল করেছে বিরোধী দল।