২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের কর্মসূচি ১৮ দলের

হরতালের আলোচনা থাকলেও তা না দিয়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 11:22 AM

Updated : 26 Jul 2022, 03:01 PM

জোটে নেতারা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের লাঙ্গলবন্দ স্নানোৎসবের কারণে হরতাল কমসূচি দেয়া হয়নি।

“এখন হরতালের মতো কর্মসূচির বাস্তবতা থাকলেও নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানের দিন থাকায় বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি,” বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার ১৮ দলীয় জোটভুক্ত দলগুলোর মহাসচিবদের বৈঠকের পর তিনি এই কর্মসূচি সাংবাদিকদের জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকায় এই বৈঠকে দলের প্রতিনিধিত্ব করেন মোশাররফ।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাদের সন্ধান এবং আটক নেতাদের মুক্তি দাবিতে এই কর্মসূচি দেয়া হয়েছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকালে ৩টায় এই বিক্ষোভ সমাবেশ হবে।

ওই সমাবেশ থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান, বিরোধী দলের নেতা-কর্মীদের করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিও জানানো হবে।

গত সপ্তাহে দুই দিনের হরতালের পর এই সপ্তাহেও দুই দিন হরতাল ডাকা হচ্ছে বলে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছিল।

মোশাররফ বলেন, “কয়েকদিন আগে বিভিন্ন গণমাধ্যমে ১৭ ও ১৮ হরতাল হতে পারে বলে সংবাদ প্রচারিত হয়েছিল। তবে ওই দুই দিনের হরতালের বিষয়ে বিএনপির কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এটি গণমাধ্যমের অনুমাননির্ভর সংবাদ ছিল।”

হরতালের খবর শুনে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে উৎকণ্ঠা জানানো হয়েছিল বলে বিএনপি নেতা জানান।

“সব কিছু বিবেচনায় রেখে আমরা বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি,” বলেন তিনি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিবদের বৈঠকে সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ। বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকাও বৈঠকে ছিলেন। 

এছাড়াও ছিলেন জামায়াতে ইসলামীর মজলিশের শূরার সদস্য রেদোয়ান উল্লাহ, এলডিপির রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, ইসলামিক পার্টির আবদুর রশীদ প্রধান, কল্যাণ পার্টির আবদুল মালেক চৌধুরী, মুসলিম লীগের আতিকুল ইসলাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, বিজেপির খন্দকার সিরাজুল ইসলাম, ভাসানী ন্যাপের এম আখতারুজ্জামান, ইসলামী ঐক্যজোটের আবুল কাশেম, খেলাফত মজলিশের শফিক উদ্দিন, জাগপার মহিউদ্দিন বাবুল, আসাদুর রহমান খান, জমিয়তে উলামা ইসলামের লোকমান হোসেন,ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস।

পুরনো খবর:

মওদুদ-ফখরুলসহ বিএনপির ৮ নেতা কারাগারে
ইলিয়াস আলী ‘নিখোঁজ’, পরিত্যক্ত গাড়ি উদ্ধার