মঙ্গলবার বসছেন ১৮ দলের মহাসচিবরা
১৮ দলীয় জোটের মহাসচিবরা মঙ্গলবার বৈঠকে বসছেন। ওই বৈঠকে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হবে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিকালে এই বৈঠক হবে বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নতুন কর্মসূচির আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।”
বৈঠকের পর সংবাদ সম্মেলন হবে বলেও জানান তিনি।
মারুফ জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কারাগারে থাকায় বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি বর্তমানে শীর্ষনেতাদের মুক্তির দাবিতে সোচ্চার।
বিএনপি নেতাদের মুক্তি দাবিতে গত সপ্তাহে দুদিন হরতাল করেছে ১৮ দল। চলতি সপ্তাহেও হরতাল ডাকা হতে পারে বলে কয়েকটি সংবাদপত্র বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।
