মাহমুদুর সংশ্লিষ্ট কারো রেহাই নেই: হানিফ
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল-আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে বিমান অফিসের সামনে জাতীয় শ্রমিক লীগের হরতালবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তদন্ত কর্মকর্তারা তা তদন্ত করে দেখবেন। তারাই খুঁজে বের করবেন আরো কারা কারা তার অপকর্মের সঙ্গে যুক্ত আছেন।”
সকাল ৯টায় মাহমুদুর রহমানকে আমারদেশ কার্যালয় থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
হেফাজতে ইসলাম নেতাদের উদ্দেশ্যে মাহবুব উল আলম হানিফ বলেন, “মাহমুদুর রহমানের সঙ্গে আপনাদের টাকা লেনদেনের যে অভিযোগ এসেছে, সেটি আমার বক্তব্য নয়, একটি জাতীয় দৈনিকে এসেছে। আমি সেই জাতীয় দৈনিকের বরাত দিয়েই বলেছি। কাজেই আমার বিরুদ্ধে মামলা করে লাভ নেই। মামলা করতে হলে ওই দৈনিকের বিরুদ্ধে আগে করতে হবে।”
এর আগে বুধবার প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেছিলেন, হেফাজতের কর্মসূচিতে ৮০ থেকে ৮৫ কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে হেফাজত নিয়েছে ৪৫ কোটি টাকা। এই দেনদেন হয়েছে আমার দেশ পত্রিকা অফিসে। আমার দেশ পত্রিকার সম্পাদকও চার কোটি টাকা পেয়েছেন।
হানিফ বলেন, “ধর্মীয় নেতাদের মুখে রাজনৈতিক বক্তব্য শোভা পায় না। তাহলে জনগণ আপনাদের উপর আস্থা হারাবেন।”
বিরোধী দলকে আবারো সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি মনে করি আলোচনায় বসার জন্য কারো কোন দূতিয়ালীর দরকার নেই। আমরা (আওয়ামী লীগ) সব সময় আলোচনা করতে চাই। বিবদমান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। আমরা সব সময় আলোচনায় বসতে প্রস্তুত। তবে এরজন্য বিরোধীদলকে নাশকতার পথ পরিহার করতে হবে।”
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে নয়, বরং এই দাবি সামনে রেখে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।
