২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন: জল্পনা আবদুল হামিদকে ঘিরেই

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকে ঘিরে জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 03:08 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বঙ্গভবনের সূত্রগুলি বলছে, অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন ও আচরণে আবদুল হামিদের দীর্ঘ মেয়াদের জন্য বঙ্গভবনে প্রবেশের ইঙ্গিত মিলেছে।

বুধবার দুপুরে শেখ হাসিনার পর সন্ধ্যায় অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুই নেতা তোফায়েল আহমেদ ও সৈয়দ আশরাফুল ইসলামও।

রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমানের মৃত্যুর পর নতুন রাষ্ট্রপতি নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে বেশ কয়েকদিন জল্পনা-কল্পনা চলছিল।

সেখানে স্পিকার আবদুল হামিদের পাশাপাশি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারের নামও কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে উঠে আসে।

নির্বাচন কমিশন মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল দিয়েছে, সে অনুযায়ী সংসদে ভোট হবে আগামী ২৯ এপ্রিল।

আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরদিন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৪ এপ্রিল পর্যন্ত তা প্রত্যাহার করা যাবে।

বুধবার দুপুরে সংসদ ভবনে স্পিকারের বাসভবনে আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিচয় প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের কয়েকটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হয়। পরবর্তী স্পিকার হওয়ার মতো কে আছেন, সে বিষয়ে আবদুল হামিদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী।

বেলা ১২টার পর স্পিকারের বাসভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর ওই ভবনের নিচতলায় কয়েক মিনিট অবস্থান করেন। তারপর, আব্দুল হামিদ ও শেখ হাসিনা দোতলায় চলে যান স্পিকারের পারিবারিক বৈঠকখানায়। সেখানেই তাদের মধ্যে কথা হয়।

সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন সরকার প্রধান ও রাষ্ট্রের অস্থায়ী প্রধান।

Image
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ২১ মার্চ বঙ্গভবনে আব্দুল হামিদ ও শেখ হাসিনা

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ২১ মার্চ বঙ্গভবনে আব্দুল হামিদ ও শেখ হাসিনা

নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব দিক বিবেচনায় নিতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী হামিদ। রাষ্ট্রপ্রধানের কাজের ধরণ নিয়েও কথা বলেন দুজন।

সূত্র বলছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে রাষ্ট্রপতির দপ্তরের সম্পর্কের বিষয়টি আলোচনায় উঠে আসে। সরকারের কাজে রাষ্ট্রপতি কীভাবে সহযোগিতা করতে পারেন সে বিষয়েও কথা হয়।

আবদুল হামিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে কিশোরগঞ্জের রাজনীতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি।

গত ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান রাষ্ট্রপতি জিল্লুর রহমান। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার আবদুল হামিদই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে গত ২৭ মার্চ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেও সংসদ এলাকায় স্পিকারের বাসভবনেই থাকছেন আবদুল হামিদ।

সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বাংলাদেশের জন্মের পর দ্বিতীয় দফায় সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা।

পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

মনোনয়ন পেলে আব্দুল হামিদ হবেন বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি।

পুরনো খবর:

অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ