২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া হবে বিভীষিকাময়’

খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে দেশে বিভীষিকাময় পরিস্থিতি হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাকে কারাবন্দি করার প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতালের পর এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন শামসুজ্জামান দুদু।

শীর্ষ নেতারা আটক হওয়ার পর সংবাদ সম্মেলনসহ দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসছেন ছাত্রদলের সাবেক এই সভাপতি।

বুধবার বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু বলেন, “খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে বলে সারাদেশে প্রচারণা চালানো হচ্ছে। এটা মহল বিশেষের প্রচারণা, তবে এক্ষেত্রে সরকারই মুখ্য ভূমিকা পালন করছে বলে আমরা মনে করি।

“আমি সরকারকে বলব- দেশের শান্তি, স্থিতিশীলতা ও বিকাশমান অর্থনীতির স্বার্থে এ ধরনের ভয়ঙ্কর, বিভীষিকামূলক পদক্ষেপ গ্রহণ যেন না করে। এ ধরনের পদক্ষেপে কোনো কাজ হবে না।”

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সম্প্রতি সাতক্ষীরায় জনসভায় সরকারকে হুঁশিয়ার করে বলেন, তিনি গ্রেপ্তারে ভয় পান না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার হরতাল ডাকে বিএনপি।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি দলীয় কার্যালয় থেকে পুলিশ গ্রেপ্তার করে যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ দেড়শ নেতা-কর্মীকে। তারাও কারাগারে রয়েছেন।

Image
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে হরতালের দ্বিতীয় দিনে জাতীয় সংসদ চত্বরে মিছিল করে বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে হরতালের দ্বিতীয় দিনে জাতীয় সংসদ চত্বরে মিছিল করে বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

আটক নেতাদের মুক্তি দাবিতে ডাকা হরতালে জনগণের সাড়া মিলেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু  জানান, হরতালে রাজধানীসহ সারাদেশে ৩৭৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, হামলায় আহত হয়েছেন ৫৯৮ জন।

দুই দিনে ১ হাজার ৩৭০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করা হয়েছে বলে জানান তিনি।

“গোটা দেশটা আজ কারাগারে পরিণত হয়েছে। যারা কারাগারে আছেন, তারা নির্দিষ্ট এলাকার মধ্যে আছেন। আর যারা বাইরে আছেন, তারা একটু বৃহৎ পরিসরে গৃহবন্দি ও অন্তরীণ অবস্থায় আছেন।”

নতুন কর্মসূচি কী হবে- জানতে চাইলে শামসুজ্জামান দুদু বলেন, রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে তা চূড়ান্ত হবে।

বৃহস্পতিবার ইসলামী ছাত্র শিবিরের ডাকা হরতালে সমর্থন দেয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “শিবিরের হরতালে আমাদের এখন পর্যন্ত অবস্থান হচ্ছে- না সমর্থন, না বিরোধিতা।”

শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এজন্য তারা দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ‘ধ্বংস’ করে চলেছে।

“গণগ্রেপ্তার, মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। ১৮ দলীয় জোটের চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবেই। এই আন্দোলনে গণঅভ্যুত্থানে পরিণত হয়ে সরকার পতন ঘটবে,” সরকারকে হুঁশিয়ারও করেন তিনি।

সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদুর সঙ্গে ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, কৃষক দলের সহ দপ্তর সম্পাদক এস কে সাদী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু প্রমূখ।

পুরনো খবর:

'পুলিশি আচরণে সাধারণ মানুষও আতংকে'