২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুলিশি আচরণে সাধারণ মানুষও আতংকে'

শীর্ষ নেতাদের একে একে গ্রেপ্তার করার পর অবশিষ্ট নেতা ও কর্মীদের কার্যালয়ে আসতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 05:36 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিন বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, পুলিশ দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে যাতে নেতা-কর্মীরা কার্যালয়ে আসতে না পারে।

বুধবার সকালে বিএনপির কার্যালয়ে শামসুজ্জামান দুদু বলেন,"সারাদেশে পুলিশি আচরণে কেবল বিএনপির নেতা-কর্মী নয়, মানুষজন আতঙ্কে আছে। গণহত্যা ও দমন-নির্যাতন চালিয়ে সরকার দেশে অন্যায় ও অবিচার প্রতিষ্ঠা করছে।"

১৮ দলীয় জোটের ডাকে সারাদেশে এই হরতালের দ্বিতীয় দিনেও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সাদা পোশাকের পুলিশও ঘোরাঘুরি করছে আশপাশে। কাছাকাছিই আছে র‌্যাব সদস্যরা।

জলকামানের কাড়ি ও সাঁজোয়া যান ও প্রিজন ভ্যানও আছে কার্যালয়ের আশপাশে।

আগের দিন হরতাল শুরুর পর সকালে দলীয় কার্যালয়ে যাওয়ার পর শামসুজ্জামান দুদুকে নিয়েও পুলিশ সদস্যদের টানা হেচড়া করে।

এর মধ্যেই শামসুজ্জামান দুদু, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদসহ অঙ্গসংগঠনের কয়েকজন নেতা কার্যালয়ে ঢুকে পড়েন। তারা রাতেও ছিলেন কার্যালয়ের ভেতর।