২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

ঢিলেঢালা ভাবে চলছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রদিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 07:03 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা নগরীর নূর আহামদ সড়কে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়। তবে ১৮ দলীয় জোটের অন্যান্য দলগুলো রাজপথে অনুপস্থিত ছিল।

বিএনপি নগর কার্যালয়ের চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে।

নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সকাল থেকে বিভিন্ন স্থানে পথসভা হয়েছে।

সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে বিএনপি কার্যালয়ের আশেপাশের এলাকা লাভলেইন, স্টেডিয়াম এবং কাজীর দেউড়ি মোড়ে বিএনপি কর্মীরা কয়েকটি অটোরিকশা ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হরতালে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই, রেয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন স্থানে দোকান পাট খোলা রয়েছে।

নগরীর বিভিন্ন সড়কে অটোরিকশাসহ ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রধান সড়কগুলোতে গণপরিবহনও নেমেছে। তবে নগরী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

নগরীর ব্যাংক বীমা ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে, তৈরি পোশাক কারখানাগুলোতেও নিয়মিত কাজ চলছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।