২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিএনপির সাংসদদের বিক্ষোভ মিছিল

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও জাতীয় সংসদ চত্বরে মিছিল করেছেন বিএনপি দলীয় সাংসদরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 04:18 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার সকাল ৯টার দিকে বিএনপির ১৩ জন সংসদ সদস্য সংসদের দক্ষিণ প্লাজায় বিক্ষোভ মিছিল করেন।

পরে লক্ষ্মীপুরের সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে তারা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারের ‘দমন-নির্যাতনের’ নিন্দা জানান এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি তোলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন সমাবেশে বলেন, “সরকার অন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা বলতে চাই তত্ত্বাবধায়কের ঘোষণা ছাড়া কোনো আলোচনা হবে না।”

মহাজোট সরকারকে ‘হিটলারের বংশধর’ আখ্যায়িত করে খোকন বলেন, “যে সরকারের হাত জনগণের রক্তে রঞ্জিত হয়, তারা আর ক্ষমতায় থাকতে পারে না।”

সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া সরকারকে হুঁশিয়ার করেন, “রাজনৈতিক অস্থিতিশীলতা ঠেকাতে চাইলে, এখনই পদত্যাগ করে তত্ত্বাবধায়কের ঘোষণা দিন।”

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে আসা শাহবাগের গণজাগরণ মঞ্চের সমালোচনা করে এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, “আল্লাহ-রসুলের কথা বললে সেটা মধ্যযুগীয় বর্বরতা হয়। গতকাল র‌্যাব-পুলিশের সামনে যে লাঠি মিছিল হলো তখন স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন।”

জয়নাল আবেদীন বলেন, “বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা থেকে উত্তোরণে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।”

অন্যদের মধ্যে সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, হারুনুর রশিদ, গোলাম মোস্তফা, রেহানা আক্তার রানু, শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা ও নিলোফার চৌধুরী মনি বিক্ষোভ মিছিলে অংশ নেন।