২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিনকে গ্রেপ্তারের পর বিক্ষোভ-সংঘর্ষ কক্সবাজারে

বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের পর কক্সবাজারে বিক্ষুব্ধ বিএনপিকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 06:00 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

জেলা বিএনপি বৃহস্পতিবার কক্সবাজারে হরতালও ডেকেছে। মঙ্গল ও বুধবার বিএনপির পূর্বঘোষিত হরতাল রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব সালাহউদ্দিনকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার গুলশানে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কক্সবাজারের সাবেক সংসদ সদস্য। 

সালাহউদ্দিনকে গ্রেপ্তারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বিক্ষোভ মিছিল বের করে এবং অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে।

জেলা শহরে মিছিল থেকে গুলি বর্ষণ ও হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয় দাবি করে পুলিশ জানিয়েছে, এতে পুলিশের এক এসআইসহ চারজন গুলিবিদ্ধ হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরে কয়েকটি স্থানে খণ্ড খণ্ড মিছিল করে বিএনপিকর্মীরা। ওই সব মিছিল থেকেও ১০টি গাড়ি ভাংচুর করা হয়।

মিছিল কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় পৌঁছলে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকা অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই পত্রিকার সম্পাদক ফরহাদ ইকবাল জানান, প্রকাশ্যে গুলিবর্ষণ করে পত্রিকা অফিসের কাচ ভাংচুর করা হয়।

গুলিবিদ্ধ সদর থানার এসআই জাকির, পুলিশের কনস্টেবল ভুবন দেওয়ান, বিএনপি নেত্রী নাছিমা বকুলের স্বামী আবু হায়দার ওসমানী ও পথচারী মো. জাবেরকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি মিছিল করে গাড়ি ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে চারজন আহত হয়।

এ বিষয়ে জেলা বিএনপির বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এদিকে কক্সবাজার শহরে দৈনিক দৈনন্দিন পত্রিকা অফিসে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার সাংবাদিক যুব কল্যাণ সমবায় সমিতির নেতারা।