২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় হরতালকারীদের হামলায় পা হারানোর শঙ্কায় একজন

চট্টগ্রামের পশ্চিম পটিয়া এলাকায় হরতালকারীদের হামলায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

আবু সুলতান নামে ওই ব্যক্তির একটি পা ফেলে দিতে হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনোয়ারা ক্রসিং এলাকায় হামলার মুখে পড়েন সুলতান।

হেফাজতে ইসলাম সোমবার হরতাল ডাকে।  

তার ছোট ভাই আবু সৈয়দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই ছেলে ও এক মেয়ের জনক সুলতান। বড় ছেলে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আর অন্য দুই সন্তান আরো ছোট।

পাঁচটি গরু নিয়ে একটি খামার তৈরি করে সংসার চালান সুলতান। দুধ বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে সংসার চালান তিনি।

সৈয়দ জানান, প্রতিদিনের মতো সোমবার সকালেও রাস্তার পাশে একটি জমি থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে হরতালকারীদের তাণ্ডবের মধ্যে পড়েন তার ভাই।

পায়ে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সুলতান।

তার পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে শুকনো ঘাস নিয়ে ট্রাক্টরে চড়ে যাচ্ছিলেন সুলতান। হরতালকারীরা তার ট্রাক্টর উল্টে ফেলে এবং ঘাসে আগুন ধরিয়ে দেয়।

ওই সময় বিলে ঘাস কাটতে থাকা কয়েকজন ব্যক্তি এর প্রতিবাদ জানালে হরতালকারীরা তাদের ওপর হামলা চালায়।

তবে পটিয়া থানার ওসি মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেফাজতের ব্যানারে অন্য লোকজন ঢুকে হামলা চালিয়েছে বলে তারা ধারণা করছেন।

তিনি জানান, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর হরতালকারীরা ওই এলাকায় তিনটি বাড়িতে আগুন দেয়।