ফেনীতে হেফাজতকে যুবলীগ নেতার ‘হেফাজত’
পরিবহন সঙ্কটের কারণে ফেনীতে আটকে পড়া হেফাজতে ইসলামের সমর্থকদের গাড়ি ও খাবার দিয়ে ঢাকায় লংমার্চে পাঠাতে ফেনীর এক যুবলীগ নেতার সহযোগিতার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকাল থেকে অপেক্ষা করেও হেফাজতে ইসলামের সমর্থকরা কোন পরিবহন না পেয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম মিয়াজী ওরফে স্বপনের কাছে যান।
তিনি ছয়টি বাস, খাবার পানি, কেক, বিস্কুট ও জুস দিয়ে হেফাজতের নেতাকর্মীদের ঢাকায় লংমার্চে যোগ দিতে সহায়তা করেন।
এজন্য জেলা হেফাজতে ইসলামের নেতা মুফতি আবদুর রহিম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারি এবং জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক স্বপনকে ধন্যবাদ জানান।
তিনি বিকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাতমাইকে বলেন, “ফেনীর মেয়র নিজাম উদ্দিন হাজারি ও যুবলীগ নেতা স্বপন আমাদের জন্য বাস, খাবার ও পানির ব্যবস্থা করেছেন। আমরা মেয়রকে ধন্যবাদ জানাই।”
অবশ্য যুবলীগ নেতা স্বপন মিয়াজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খাবার পানির ব্যবস্থা করে দিয়েছি, তবে বাসের ব্যবস্থা করে দিইনি।”
আর পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারির মোবাইল ফোনে কয়েকবার ফোন করার পর একজন তা রিসিভ করে জানান, মেয়র এ বিষয়ে কথা বলবেন না।
শুক্রবার সকাল থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা পরিবহন সংকটের কারণে জুম্মার নামাজের আগ পর্যন্ত মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। জুম্মার নামাজের পর তারা যুবলীগ নেতা ও শহরের একটি টার্মিনালের প্রভাবশালী নেতা স্বপন মিয়াজির সহযোগীতায় ৪টি বাস ও সন্ধ্যায় আরো ২টি বাসযোগে ঢাকার উদ্দেশ্যে ফেনী ছেড়ে যান।
দুপুরের পর চট্রগ্রাম থেকে ঢাকার সমাবেশ অভিমুখী কয়েকটি গাড়ির যাত্রীদের মহিপালে অভ্যর্থনা ও আপ্যায়ন করে হেফাজতে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা।
