রংপুরে শিবিরের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার
রংপুরে প্রায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ছাত্র শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা জামায়াত-শিবির ও ১৮ দলের হরতাল চলাকালে নাশকতা সৃষ্টি, ককটেল তৈরি ও বিস্ফোরণ, গাড়িতে আগুন দেয়া, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা চালানোর মতো নাশকতায় জড়িত।
বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই ২৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ সময় সিমেন্ট বালু দিয়ে তৈরি বিপুল পরিমাণ ঢিল, পাথর, জিহাদি বই, ফাস্ট এইড বক্স, দুটি কম্পিউটার বিভিন্ন মুঠোফোনের সিমসহ ৫০টি মুঠোফেন সেট উদ্ধার করা হয় বলেও পুলিশ কর্মকর্তা লতিফ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য সদস্যরা হলেন, শিবিরের অপারেশন স্কোয়াডের কমাণ্ডার হারুন অর রশীদ, মহানগর শাখার প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজিবুর রহমান পলাশ, সাহিত্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শিমুল, মহানগর উপ-শাখার সভাপতি মামুন, কোতোয়ালি উপ-শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, ৪নম্বর ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন ও ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সামছুল আরেফীন।
হারুন অর রশীদ জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, রংপুরে প্রতিটি হরতালে এই স্কোয়াডের সদস্যরাই নাশকতা সৃষ্টি করেছে। এদের মোট সংখ্যা ২০০।
