খুলনা জামায়াতের নায়েবে আমীর গ্রেপ্তার
খুলনা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মতিনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনা সদর থানার ওসি মো: শাহাবুদ্দিন আজাদ জানান, মঙ্গলবারের হরতালে নাশকতা এড়াতে এবং সোমবার সকালে টুটপাড়া এলাকায় গাড়ি ভাংচুরের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মতিনকে শান্তিধাম মোড়ের গলির একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপর ৪ জনকে টুটপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই ৪ জনের নাম জানাতে পারেননি তিনি।
পুলিশ জানায়, খানজাহান আলী রোডের টুটপাড়া মোড়ে সোমবার সকাল ৮টার দিকে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে তারা ৩টি ইজিবাইক ভাংচুর করে এবং একটি ইজিবাইকে আগুন ধরিয়ে দেয়।
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।
ইসলামী ছাত্রশিবিরের পর মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৫০ ঘ.
