২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয় ‘লক্ষ্য করে গুলি’

খালেদা জিয়া থাকা অবস্থায়ই গুলশানে তার কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 06:21 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

রোববার রাতের ওই ঘটনার পর পুলিশ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যায়। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে গুলিবর্ষণের প্রতিবাদে সোমবার বিক্ষোভ করবে বিএনপি।  সকাল ১১টায় নয়া পল্টনে এই সমাবেশ হবে।

ওই কার্যালয়ে খালেদা জিয়া রোববার রাতে ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন। সাড়ে ১০টার দিকে ওই বৈঠক শেষ হওয়ার পর কার্যালয়েই ছিলেন তিনি।

রাত সাড়ে ১১টার দিকে মটর সাইকেলে আসা দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায় বলে জানান বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি। গুলির খবর শুনে কয়েকশ নেতা-কর্মী রাতে কার্যালয়ে যান।

রাত ১২টা ৫০ মিনিটে খালেদা জিয়া কার্যালয় ছেড়ে গুলশানে তার বাড়িতে যান। ওই সময় নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিল।

গুলশানে ৬ নম্বর রোডের ৮৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার কার্যালয়।

মারুফ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারপতি সাহাবুদ্দিন পার্কের কাছ দিয়ে চেয়ারপারসনের কার্যালয় সড়কের উত্তর দিক থেকে তিনটি মোটর সাইকেলে করে অজ্ঞাত সন্ত্রাসীরা আকস্মিকভাবে ফাঁকা গুলি করে দ্রুত পালিয়ে যায়।

“চলন্ত মোটর সাইকেল থেকে এই গুলিবর্ষণ হয়। ঘটনার আকস্মিকতায় কেউ বুঝতে না বুঝতেই সন্ত্রাসীরা নিমিষে চলে যায়।”

তিনি জানান, ওই সময় বিরোধীদলীয় নেতা দোতলায় দলের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করছিলেন।

পুলিশ পাহারার মধ্যে এই গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মারুফ কামাল।

বিরোধীদলীয় নেতার নিরাপত্তার বন্দোবস্ত নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবারের কর্মসূচি ঘোষণা করে সাংবাদিকদের বলেন, “এই বুলেট গণতন্ত্রের প্রতি। আমরা আশা করব সরকার এই গুলির কারণ উদ্ঘাটন করবে।”

এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলির ঘটনাটি শোনার পরই পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।