২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডেকেছে ১৮ দল

ইসলামী ছাত্রশিবিরের পর আগামী মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে জোটের নেতাদের বৈঠকে হরতালের এই সিদ্ধান্ত হয়।

এর আগে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির সংগঠনটির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার হরতাল ডাকে।

দেশব্যাপী এইচএসসি পরীক্ষা শুরু হতে যাওয়ার একদিন আগে এই হরতালের ঘোষণা এল। তবে মঙ্গলবার এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষা নেই।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের কর্মসূচি সাংবাদিকদের জানান।

তিনি সাংবাদিকদের বলেন, “চাঁপাই নবাবগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি, খুলনার ডুমুরিয়া ও তেরোখাদায় সর্বমোট ১৩ জন মানুষকে হত্যাসহ মার্চে সারাদেশে গণহত্যার প্রতিবাদে, আটক নেতাদের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত হয়েছে।”

নয়া পল্টন থেকে আটক নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোট মার্চ মাসে দুই দফায় মোট চার দিন (১৮, ১৯, ২৭ ও ২৮ মার্চ) হরতাল করে।

গত ১১ মার্চ কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান চালিয়ে দেড়শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে ১০ এপ্রিল নয়া পল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশ হবে।

ফখরুল জানান, ওই সমাবেশ থেকে খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা দেবেন।

সরকার পতন আন্দোলনের ডাক দেয়া খালেদা জিয়া জোটসঙ্গী জামায়াতসহ অন্য দলগুলোর নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বৈঠকে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।

শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে বৈঠকে জামায়াতের প্রতিনিধিত্ব করেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আবদুল হালিম।

এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, এনডিপি সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, মুসলিম লীগের সভাপতি আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হকও বৈঠকে ছিলেন।

এছাড়াও ছিলেন জাগপার সহসভাপতি মহিউদ্দিন বাবলু, জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস।

পুরনো খবর:

সিলেটে হরতাল ডেকেছে জামায়াত