সিলেটে হরতাল ডেকেছে জামায়াত
মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমিরসহ দুই নেতার বাড়িতে আগুন দেয়ার প্রতিবাদে আগামী মঙ্গলবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলাম রোববার দুপুরে এই ঘোষণা দেন।
এর আগে এক যুবলীগকর্মীর ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার পর বিক্ষুব্ধ জনতা জামায়াতের দুই নেতার বাড়িতে আগুন দেয়।
বেলা ১২টার দিকে নগরীর দর্শনদেউড়ী এলাকায় ৫-৬টি মোটরসাইকেলে করে শিবিরকর্মীরা এসে ছাত্রলীগকর্মী বাবুল আহমদ পাঙ্গাসের ওপর হামলার চেষ্টা চালায়।
এ সময় বাবুলও একটি মোটরসাইকেলে ছিলেন। এ সময় বাবুল মোটর সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যান। পরে শিবিরকর্মীরা তার মোটর সাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, এ ঘটনার আধাঘণ্টা পরেই এলাকার বিক্ষুব্ধ লোকজন ও যুবলীগকর্মীরা পীর মহল্লা এলাকায় প্রথমে জামায়াতের মহানগর শাখার নায়েবে আমির আব্দুল হাই হারুন ও পরে একই এলাকায় মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সায়েফ আহমদের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়।
জামায়াত নেতারা সেখানে না থাকলেও দুটি বাসায় চারটি পরিবার ভাড়া থাকেন। আগুনে ভাড়াটিয়াদের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান এলাকাবাসী।
